
ফ্রান্সের প্যারিসে চলছে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা ‘সিয়াল ফেয়ার’। মেলার বিশাল একটি ব্লকজুড়ে বিভিন্ন দেশের চোখধাঁধানো নান্দনিক সব প্যাভিলিয়ন। সেখানে প্রবেশ করলে দূর থেকেই চোখে পড়বে লাল-সবুজ পতাকা। পতাকার ওপরে বেশ বড়সড় করে লেখা ‘বাংলাদেশ’। কিন্তু কাছে যেতেই বিব্রত হওয়ার অবস্থা। প্যাভিলিয়নের প্রায় পুরোটাই ফাঁকা—না আছে পণ্য, না আছে মানুষ।
খোঁজ নিয়ে জানা গেল, বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ফ্রান্সে আসার ভিসা মেলেনি। তাই ফাঁকা পড়ে আছে বাংলাদেশ প্যাভিলিয়ন। ফাঁকা পড়ে থাকায় প্যাভিলিয়নের দিকে কোনো দর্শনার্থী যাচ্ছেন না।
মেলা প্রাঙ্গণে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যবিষয়ক কনস্যুলার মো. ফিরোজ উদ্দিনের সঙ্গে কথা হলো। হতাশা আর ক্ষোভ নিয়ে তিনি প্রথম আলোকে বললেন, ২০০৩ সালের পর এবারই প্রথম রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তত্ত্বাবধানে বাংলাদেশ প্যাভিলিয়ন করার উদ্যোগ নেওয়া হয়। এতে ছয়টি প্রতিষ্ঠান—এলিন ফুড প্রোডাক্টস, গ্লোব সফট ড্রিংকস, ড্যানিশ ফুডস, এসিআই, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও স্টারলাইনের অংশ নেওয়ার কথা ছিল। তিনি জানালেন, এলিন ফুডের দুজন ছাড়া বাকি সবার ভিসা প্রত্যাখ্যান করে দেয় ফ্রান্স দূতাবাস। এরপর অনুরোধ করা হলে দ্বিতীয় দফায় গ্লোব ও ড্যানিশ ফুডস থেকে একজন করে ভিসা দেওয়া হয়। তবে সময়মতো না আসতে পারায় তাদের স্টলগুলো এখনো গোছানো সম্ভব হয়নি।

বাংলাদেশ প্যাভিলিয়নটি ফাঁকা পড়ে থাকলে তা দেশের জন্য হবে চরম লজ্জার। তাই বাকি আবেদনকারীদের ভিসা দেওয়া বিষয়ে ব্যবস্থা নিতে গত শনিবার বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের কাছে একটি বার্তা পাঠান ফিরোজ উদ্দিন। এর পর রোববার এসিআইয়ের এক কর্মকর্তাকে ভিসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আকিজ ও স্টারলাইনের কাউকে ভিসা দেওয়া হয়নি। ফিরোজ বলেন, সব প্রতিষ্ঠানের মালামাল এসে গেছে। কিন্তু লোকজন না আসতে পারায় তাঁকে এসব মালামাল সামলানো নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে।
জানতে চাইলে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিয়াল ফেয়ার ১৬ অক্টোবর শুরু। অথচ ইপিবি ভিসার জন্য আবেদন করেছে ৯ অক্টোবর। ফলে সময়ের স্বল্পতার কারণে চেষ্টার আরও সুযোগ থাকলেও সেটা করা সম্ভব হয়নি।
ইপিবির পক্ষ থেকে প্যারিসের এই মেলায় এসেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. শহিদুল আলম। সঙ্গে নিয়ে এসেছেন স্ত্রীকে। জানতে চাইলে শহিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের তো এসব মেলা নিয়ে অভিজ্ঞতা নেই। আরও আগে থেকে প্রস্তুতি নিয়ে কাজ করলে ভালো হতো।’ তবে ভিসার আবেদন সপ্তাহ দু-এক আগে করা হয়েছিল বলে তিনি দাবি করেন।
অবশ্য ইপিবির আরেক কর্মকর্তা শেখ শামিমুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ফ্রান্সে বাংলাদেশের পণ্য সরবরাহকের ব্যবসা করেন বাহার হোসাইন। বাংলাদেশ স্টলের চিত্র দেখে হতাশা প্রকাশ করলেন তিনি। বললেন, ‘পুরো মেলা জমজমাট। কিন্তু আমাদের দেশের স্টলগুলো ফাঁকা। এটা দেশের জন্য চরম মানহানিকর।’ তিনি আরও বলেন, ‘এখন তো এসব কাজে বুদ্ধি আর অভিজ্ঞতা লাগে না। কখন কোথায় কী করতে হবে, সব তথ্যই দেওয়া আছে। আমরা দেখেও শিখি না, এটাই মূল সমস্যা।’
জানা গেছে, মেলায় ৯০ বর্গফুট জায়গাজুড়ে বাংলাদেশ প্যাভিলিয়ন। এ জন্য প্রায় ৭৫ লাখ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশ বহন করছে ইপিবি। আর বাকি টাকা দিচ্ছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এখন ভিসা না পাওয়ার কারণে, মেলায় অংশ নিতে না পারার কারণে আকিজ ফুডস অ্যান্ড বেভারেজ ইপিবির কাছে তাদের দেওয়া অর্থ ফেরত চেয়েছে। ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গত রবিবার প্যারিসের নর্দ ভিলেপিন্তে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা। ছয় দিনব্যাপী অনুষ্ঠেয় এই মেলায় বিশ্বের নানা প্রান্তের কোম্পানিগুলোর পাশাপাশি দেশগুলোও নান্দনিক সব প্যাভিলিয়ন সাজিয়ে পণ্য উপস্থাপন করছে।
বাংলাদেশ প্যাভিলিয়নের আশপাশেই শ্রীলঙ্কা, জাপান, থাইল্যান্ড, তাইওয়ান, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের প্যাভিলিয়ন। এসব প্যাভিলিয়নে থাকা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, প্রতিটি দেশ থেকেই ৩০টির বেশি কোম্পানি মেলায় অংশ নিচ্ছে। সরকারি ও বেসরকারি ব্যবসায়িক সংগঠনের তত্ত্বাবধানে তারা মেলায় এসেছে। কিছু কিছু প্রতিষ্ঠান নিজ উদ্যোগে মেলায় অংশ নিচ্ছে। বাংলাদেশ থেকে প্রাণ, সজীব ও বোম্বে সুইটস নিজ উদ্যোগে মেলায় অংশ নিয়েছে।