ভোক্তা আস্থা সূচকে ভারত আবারও সবার ওপরে
চলতি বছরের তৃতীয় প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক আস্থা সূচকে শীর্ষে রয়েছে ভারত। বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেনের বৈশ্বিক ভোক্তা আস্থা সূচকে এই স্থান পেয়েছে দেশটি। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন।
নিয়েলসেন গত মঙ্গলবার ত্রৈমাসিক এই ভোক্তা সূচকের ফলাফল প্রকাশ করেছে। বিশ্বের ৬১টি দেশের ভোক্তাদের মতামতের ভিত্তিতে সূচকটি তৈরি করা হয়। একটি দেশের কর্মসংস্থান পরিস্থিতি, ব্যক্তিগত অর্থায়ন ও তাৎক্ষণিক ব্যয়ের মনোভাবের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয় এই সূচক।
সূচক অনুযায়ী, তালিকার শীর্ষ দেশ ভারতের স্কোর ১৩১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের স্কোর ১১৯ পয়েন্ট। দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে যুক্তরাষ্ট্রের স্কোর বেড়েছে ১৮ পয়েন্ট। এটি তৃতীয় প্রান্তিকের সর্বোচ্চ প্রবৃদ্ধি। শীর্ষে থাকলেও ভারতের স্কোরের কোনো পরিবর্তন হয়নি।
আলোচ্য সময়ে সর্বোচ্চ ১২ পয়েন্ট কমেছে তাইওয়ানের স্কোর। ৬১টি দেশের মধ্যে সর্বনিম্ন স্থান পেয়েছে দক্ষিণ কোরিয়া, দেশটির স্কোর ৪৯ পয়েন্ট।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশের মধ্যে আটটি দেশের আস্থা সূচক আগের চেয়ে কমেছে। এই অঞ্চলের দেশগুলোর গড় আস্থা সূচক হলো ১০৬ পয়েন্ট।
নিয়েলসেন ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুজভেল্ট ডি সুজা এ সম্পর্কে বলেন, বৃহত্তর অর্থনীতির পরিপ্রেক্ষিতে অনিশ্চয়তা থাকলেও ভারতীয় ভোক্তাদের এ আস্থা খুবই ইতিবাচক। এর ফলে ভোগ্যপণ্যের বাজার দিন দিনই বড় হচ্ছে দেশটিতে। অপেক্ষাকৃত সহজ শর্তে ব্যাংকঋণ প্রাপ্তি, মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ন্ত্রণ আগামী এক বছরে ভারতীয় ভোগ্যপণ্যের বাজারকে আরও চাঙা করবে।
ভারতে ভোক্তার আস্থা সম্পর্কে এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, জ্বালানি তেলের অব্যাহত দরপতন ও নিয়ন্ত্রিত মূল্যস্ফীতি ক্রেতাদের হাতে টাকার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে ভারতীয়দের মাথাপিছু গড় আয় আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে। এভাবে এই আয় বাড়তে থাকলে ২০২০ সালে ভারতের ভোগ্যপণ্যের বাজারের আকার হবে ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি মার্কিন ডলারের সমান।