ভোটের মুখে মোদির বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি (মাঝে) তাঁর কার্যালয় থেকে পার্লামেন্টে বাজেট পেশ করতে যাচ্ছেন। তিনি গতকাল ২০১৭–১৮ অর্থবছরের এই বাজেট ঘোষণা করেন l ছবি: এএফপি
ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি (মাঝে) তাঁর কার্যালয় থেকে পার্লামেন্টে বাজেট পেশ করতে যাচ্ছেন। তিনি গতকাল ২০১৭–১৮ অর্থবছরের এই বাজেট ঘোষণা করেন l ছবি: এএফপি

পাঁচ রাজ্যে ভোটের আগে ভারতের কেন্দ্রীয় বাজেটে আয়করে কিছুটা ছাড় দেওয়ার পাশাপাশি কালোটাকার রাশ টানতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেওয়া হলো। সেই সঙ্গে মেনে নেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে চাঁদা দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তাব।
নোট বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ মধ্যবিত্তের ক্ষতে প্রলেপ দিতে অর্থমন্ত্রী অরুণ জেটলি ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কর ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেন। এর ফলে সরকারের রাজস্ব যতটা কমবে, তা পুষিয়ে দিতে উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর বাড়তি সারচার্জ বসানো হবে। ৫০ লাখ থেকে ১ কোটি টাকা যাঁদের আয়, আয়কর ছাড়াও তাঁদের ১০ শতাংশ বাড়তি সারচার্জ দিতে হবে। কোটি টাকার ওপরের আয়বিশিষ্টদের দিতে হবে ১৫ শতাংশ সারচার্জ।
নোট বাতিলের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল কালোটাকার ঝনঝনানি বন্ধ করা। এ জন্য নগদ লেনদেনের ওপর রাশ টানা হচ্ছে। বাজেটে জেটলির প্রস্তাব, ৩ লাখের বেশি নগদ লেনদেন করা যাবে না। আগে এটা ছিল ৫ লাখ টাকা। কর ফাঁকি দিয়ে বা ব্যাংকের ঋণ শোধ না করে কেউ বিদেশে চলে গেলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন প্রণয়নের প্রস্তাবও বাজেটে রাখা হয়েছে। আইপিএল কমিশনার ললিত মোদি বা শিল্পপতি বিজয় মালিয়াদের মতো ভবিষ্যতের দেশত্যাগীদের ঠেকাতে এই ব্যবস্থা।
কালোটাকার রাশ টানতে গেলে রাজনৈতিক দলগুলোর চাঁদার উৎসেও যে নজর দেওয়া প্রয়োজন, নির্বাচন কমিশন বারবার সরকারকে সে কথা মনে করিয়ে দিয়েছে। বর্তমান আইন অনুযায়ী, রাজনৈতিক দল ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা নগদে গ্রহণ করতে পারে। সেই অঙ্ক কমিয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব বাজেটে রাখা হয়েছে। অবশ্য চেক মারফত বা ডিজিটাল পদ্ধতিতে চাঁদা নেওয়ার ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা থাকছে না। সেই সঙ্গে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে আয়কর রিটার্নও নিয়মমতো জমা দিতে হবে।
ভোটের আগে গ্রামীণ মানুষ ও গরিবদের জন্য প্রধানমন্ত্রী দরাজ হয়েছেন। ১০০ দিনের কাজে রেকর্ড বরাদ্দ করা হয়েছে ৪৮ হাজার কোটি রুপি। ১০ হাজার কোটি রুপি চাষিদের ঋণের জন্য বরাদ্দ করা হয়েছে। ১ কোটি কাঁচা বাড়ি পাকা করা হবে। সেই সঙ্গে শেষ করা হবে গ্রামীণ বিদ্যুৎ প্রকল্পগুলো এবং কাঁচা রাস্তা পাকা করা।
অর্থমন্ত্রী প্রতিরক্ষা খাতের বাজেট ধার্য করেছেন ২ লাখ ৭৪ হাজার কোটি রুপি। চলতি আর্থিক বছরের তুলনায় বরাদ্দ মাত্র ১৬ হাজার কোটি রুপি বেশি। এই বৃদ্ধি ৬ শতাংশের সামান্য কম, যা প্রয়োজনের তুলনায় সামান্য বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা। এই বরাদ্দের মধ্যে সাড়ে ৮৬ হাজার কোটি রুপি সামরিক বাহিনীর আধুনিকীকরণে খরচ করা হবে।
দুই বছর আগে ২০১৪-১৫ সালের প্রতিরক্ষা বাজেট ছিল ২ লাখ ২৯ হাজার কোটি রুপি। ২০১৬-১৭ সালে তা বেড়ে হয় ২ লাখ ৫৮ হাজার কোটি। মোট বাজেট বাড়লেও বাহিনীর আধুনিকীকরণের বরাদ্দ কিন্তু কমছে। দুই বছর আগে বরাদ্দ ছিল প্রায় ৯৫ হাজার কোটি রুপি, চলতি বছর ৮৭ হাজারের কিছু বেশি, আগামী বছর ৮৬ হাজার কোটি।
প্রথা ভেঙে এবারই প্রথম ফেব্রুয়ারি মাসের ১ তারিখে বাজেট পেশ করা হলো। সেই সঙ্গে তুলে দেওয়া হলো আলাদাভাবে রেল বাজেট পেশ করার রীতি।