মন্দা কাটিয়ে উঠেছে গ্রিস
ছয় বছর পর অর্থনৈতিক মন্দার বলয় থেকে বেরিয়ে এসেছে গ্রিস। তবে শেষ পর্যন্ত দেশটি এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যে তা প্রত্যাশার চেয়েও ভালো। চলতি ২০১৪ সালের তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। এটি ইউরোপের ১৮ দেশকে নিয়ে গঠিত ইউরো অঞ্চলের মধ্যে একই সময়ে সবচেয়ে ভালো প্রবৃদ্ধি।
ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান সিপ্রো সভরেন স্ট্র্যাটেজির ব্যবস্থাপনা পরিচালক নিকোলাস স্পিরো বলেন, ‘গ্রিসের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর এই খবর মনস্তাত্ত্বিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এতে সুড়ঙ্গের মধ্যে এখন আশার আলো দেখা যাচ্ছে। এই অগ্রগতির অর্থ হলো সংস্কার কার্যক্রম সুফল দিয়েছে।’
স্পিরো আরও বলেন, গ্রিসকে উদাহরণ হিসেবে নিয়ে এখন এমন বাজি ধরা যায় যে অর্থনৈতিক সংস্কার সাধন ও আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পদক্ষেপ নিলে সেটি ভালো ফল বয়ে আনে।
ইউরো অঞ্চলের বৃহত্তম ও বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনৈতিক শক্তি জার্মানিও এখন গ্রিসের কৃচ্ছ্র সাধনসহ অর্থনৈতিক কর্মসূচি অনুসরণ করতে পারে বলে বিশ্লেষকেরা মনে করেন।
টানা ছয় বছর ধরে সংকট-মন্দা চলাকালে গ্রিস অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ ও আর্থিক কৃচ্ছ্র সাধন কর্মসূচি হাতে নেয়।
তবে দেশটির অর্থনীতিতে কিছু সমস্যা রয়ে গেছে। যেমন সার্বিক বেকারত্বের হার এখনো ২৫ শতাংশ। তা থেকে যুব বেকারত্বকে আলাদা করলে এই হার ৫০ শতাংশের বেশি। এর ওপর সরকারের কাঁধেও বিপুল পরিমাণ দেনা বা ঋণ রয়েছে। যে কারণে সভরেন-বন্ডে বিনিয়োগকারীরা অন্য সবার মতো অর্থনৈতিক প্রবৃদ্ধির খবরে তেমন উৎফুল্ল নন। কারণ, ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের ঈল্ড হার এই শুক্রবারেও ছিল ৮ শতাংশ; যেটা সরকারের দীর্ঘমেয়াদি কর্জের জন্য উপযোগী নয় বলে মনে করা হচ্ছে।
গত কয়েক বছরে অবশ্য ইউরোপের অন্যান্য দেশের তুলনায় গ্রিসের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ ছিল বলে মনে করেন আরবিসি ক্যাপিটাল মার্কেটের অর্থনীতিবিদ টিমো ডেল ক্যারপিও।
সূত্র: মার্কেট ওয়াচ