মন্দার কবলে জাপানের অর্থনীতি

বৈশ্বিক অর্থনীতির সংকট কাটতে না কাটতেই অপ্রত্যাশিতভাবে মন্দায় পড়ে গেল জাপান। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই অর্থনীতি টানা দুটি প্রান্তিকে সংকুচিত হয়ে মন্দার কবলে পড়ল।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জাপানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বার্ষিক হিসাবে ১ দশমিক ৬ শতাংশ কমেছে। অথচ অর্থনীতিবিদেরা এই প্রান্তিকের জন্য ২ শতাংশ প্রবৃদ্ধি আশা করেছিলেন। এর আগে এপ্রিল থেকে জুন তিন মাসে দেশটির জিডিপি কমেছিল ৭ দশমিক ৩ শতাংশ।
কোনো দেশের জিডিপি পর পর দুটি প্রান্তিকে (তিন মাস করে) সংকুচিত হলে সেটাকে অর্থনৈতিক মন্দা বলা হয়।
অর্থনীতিবিদেরা মনে করেন, মন্দা শুরু হওয়ায় জাপান সরকার বিক্রয় কর বৃদ্ধির পদক্ষেপ পেছাতে পারে। আগামী ২০১৫ সালে বিক্রয় কর ৮ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার কথা। আগের সরকার বিপুল অঙ্কের ঋণের দায় কমাতে ২০১২ সালে বিক্রয় কর বৃদ্ধির আইন পাস করেছে। সে অনুযায়ী ২০ বছর পর গত এপ্রিল মাসে প্রথমবারের মতো এই কর বাড়ানো হয় (৫ থেকে ৮ শতাংশ)।
বিক্রয় কর বৃদ্ধির ফলে ভোক্তাদের ব্যয় বেড়ে যায়, তাঁরা নিজেদের আগের চেয়ে গরিব ভাবতে শুরু করেন এবং ব্যয় কমিয়ে দেন; যা দেশের অর্থনীতিকেই মন্দার দিকে ঠেলে দেয়। কারণ জাপানি জিডিপির ৬০ শতাংশই হলো ভোক্তা খাতের অবদান।
প্রধানমন্ত্রী শিনঝো অ্যাবে আগামী মাসেই (ডিসেম্বর) সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিতে পারেন এমন ধারণা জোরালো হয়ে উঠেছে। জাপানের স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী অ্যাবে আজ মঙ্গলবার ঘোষণা দিতে পারেন যে তিনি আগামী ১৪ ডিসেম্বর নির্বাচন করতে চান। তিনি দুই বছর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
অর্থনৈতিক মন্দার খবরে গতকাল জাপানের মুদ্রাবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রতি মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে একপর্যায়ে ১১৭ ইয়েন পর্যন্ত ওঠে। পরে অবশ্য তা ১১৫ দশমিক ৬৯ ইয়েনে নেমে আসে। শেয়ারবাজারেও বড় দরপতন ঘটেছে। নিকে-২২৫ সূচক ৩ শতাংশ কমে ১৬ হাজার ৯৭৪ পয়েন্টে নেমেছে। গত আগস্টের পরে এটিই হলো এক দিনে নিকের সবচেয়ে বড় পতন।
অ্যাবে ২০১৩ সালের গ্রীষ্মে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের একটি উচ্চাভিলাষী কৌশল ঘোষণা করেন; যা দ্রুত তাঁর নামানুসারে ‘অ্যাবেনোমিকস’ হিসেবে পরিচিতি পায়। ‘অ্যাবেনোমিকস’ অনুযায়ী অর্থনৈতিক পুনরুদ্ধার ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে শত শত কোটি ডলার ঢালা হয়েছে। এর ফলে অর্থনীতিতে দুটি প্রতিক্রিয়া হয়েছে। প্রথমত, নিজস্ব মুদ্রা ইয়েনের দাম কমেছে। এতে রপ্তানি পণ্যের দামও সস্তা হয়ে যায়। দ্বিতীয়ত, বিনিয়োগকারীরা ব্যাপক হারে বন্ড মার্কেট ছেড়ে শেয়ারবাজারে চলে যান। এতে শেয়ারের দাম বেড়ে যায়। এতে অল্পসংখ্যক ধনী লোকই লাভবান হয়েছেন। কারণ জাপানের ৮০ শতাংশেরও বেশি মানুষ শেয়ারবাজারে জড়িত হন না। সূত্র: বিবিসি ও এপি।