মন্দার কবলে রুশ অর্থনীতি
অর্থনৈতিক মন্দার কবলে পড়তে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি। ২০০৯ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমে যাওয়ায় এমন আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরে রাশিয়ার জিডিপি দশমিক ৫০ শতাংশ কমেছে।
রুশ সরকার বলছে, ২০১৫ সালে দেশটির জিডিপি সংকুচিত হবে দশমিক ৮০ শতাংশ। চলতি বছরের শুরুতে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছিল দশমিক ৬০ শতাংশ। বছর শেষে তা ঋণাত্মক প্রবৃদ্ধিতে নেমে এসেছে।
আবার গত এক সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে রুবলের বিনিময়মূল্য ৬ শতাংশ কমে ৫৭ রুবলে এসে ঠেকেছে। চলতি বছরে ডলারের বিপরীতে রুবলের বিনিময়মূল্য অর্ধেক কমে গেছে।
জ্বালানি তেলের পড়তি দাম ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা রাশিয়ার সংকটকে আরও ত্বরান্বিত করেছে। ১৯৯৮ সালে রাশিয়ার মন্দার সময়ে সাধারণ জনগণ তাদের ব্যাংক আমানতের বড় অংশ ফেরত পায়নি। এবার যেন সে রকম কিছু না ঘটে সে জন্য ব্যাংকের আমানত বিমা বাড়িয়ে ১৪ লাখ রুবল করেছে রুশ সরকার।
সূত্র: বিবিসি