মন্দায় পড়তে যাচ্ছে রাশিয়া
ইউক্রেন সংকটের জের ধরে পশ্চিমা অবরোধে ও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পড়তে থাকায় আগামী বছর মন্দার মধ্যে পড়তে যাচ্ছে রাশিয়া।
রুশ সরকার ২০১৫ সালে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) দশমিক ৮ শতাংশ কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগে প্রবৃদ্ধির হার ১ দশমিক ২ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
রাশিয়ার উপ-অর্থনৈতিক মন্ত্রী আলেক্সেই ভেদেভ বলেছেন, রুশ সরকার মনে করছে, ২০১৫ সালেও আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল থাকবে। তাই তাঁরা মন্দার আশঙ্কা করছেন।
ভেদেভ আরও বলেছেন, ২০১৫ সালের মাঝামাঝি পর্যন্ত অর্থনীতি নিম্নমুখী থাকবে। তারপর তা ঘুরে দাঁড়াতে শুরু করবে। আগামী বছরের মাঝামাঝি সময় অতিক্রান্ত হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার বাড়তে শুরু করবে বলেও আশাবাদী তিনি।
ভেদেভের ভাষায়, ‘আমরা মনে করছি যে আগামী দিনে জ্বালানি তেলের দরের সংশোধন হবে এবং তা আবার প্রতি ব্যারেল ৮৫ থেকে ৯৫ ডলারের পরিসীমায় চলে আসবে।’
উল্লেখ্য, রাশিয়ার অর্থনীতি অর্ধেকটাই জ্বালানি তেল ও গ্যাস রপ্তানির ওপর নির্ভরশীল। বিশ্ববাজারে প্রতি ব্যারেল ১০০ ডলার হলে রাশিয়ার পক্ষে বাজেট ভারসাম্য বজায় রাখা সম্ভব। কিন্তু গত কয়েক মাসে তেলের দাম ক্রমাগতভাবে কমছে। জুলাই থেকে এ পর্যন্ত দাম কমেছে ৪০ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের উৎপাদন বাড়িয়ে দেওয়ায় বিশ্ববাজারে সরবরাহ বেড়ে গিয়ে তেলের দাম নিম্নমুখী হয়ে পড়েছে।
এদিকে মার্কিন ডলার ও ইউরোর বিপরীতে রুশ মুদ্রা রুবলের বিনিময় হার গতকাল বুধবার আরও কমেছে। এদিন প্রতি ডলার ৫৪ দশমিক ৮২ রুবল ও ইউরো ৬৭ দশমিক ৮২ রুবলে কেনাবেচা হয়েছে।
এর আগে গত সোমবার রুবলের দাম ৯ শতাংশ পড়েছিল, যা ১৯৯৮ সালের পরে এক দিনে সর্বোচ্চ পতন। ওই দিন রুশ কেন্দ্রীয় ব্যাংক রুবলের বিনিময় হার ধরে রাখতে মুদ্রাবাজারে ৭০ কোটি ডলার দিয়েছে। রুবলের পতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারে আরও অর্থ ঢালবে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরে এ নিয়ে রুবলের বিনিময় হার ডলারের বিপরীতে ৪০ শতাংশের বেশি ও ইউরোর বিপরীতে ৬০ শতাংশের মতো পড়েছে।
সূত্র: এএফপি ও বিবিসি