মানি উইক উদ্যাপন করছে ব্রিটিশ কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ১৩০টি দেশের সঙ্গে বাংলাদেশেও ‘গ্লোবাল মানি উইক-২০১৭’ উদ্‌যাপন করছে যুক্তরাজ্যের সংস্থা ব্রিটিশ কাউন্সিল। এরই অংশ হিসেবে গতকাল বুধবার রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে ‘ভবিষ্যৎ প্রজন্মকে আর্থসামাজিকভাবে সক্ষম ও দায়িত্বশীল করা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেটি পুরো আয়োজনের দ্বিতীয় ধাপ।

এর আগে প্রথম ধাপে ১ এপ্রিল একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরেকটি আজ বৃহস্পতিবার শুরু হবে। এসব আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এ আয়োজনে ব্রিটিশ কাউন্সিলকে সহায়তা করছে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)।

শিশুদের অর্থনৈতিক দক্ষতা অর্জনে সহায়তা করতে বিশ্বজুড়ে গ্লোবাল মানি উইক উদ্‌যাপিত হয়। এটি পরিচালনায় থাকে চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিন্যান্সিয়াল ইন্টারন্যাশনাল (সিওয়াইএফআই) নামের একটি সংস্থা। এ বছর গ্লোবাল মানি উইকের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শেখো, সঞ্চয় করো, আয় করো’।

ব্রিটিশ কাউন্সিল তিনটি ধাপে গ্লোবাল মানি উইক উদ্‌যাপন করছে। গতকালের আলোচনা সভাটি ছিল তিন ধাপের মধ্যে দ্বিতীয়। এতে অংশ নিয়েছেন ৬০ জন, যাঁদের মধ্যে বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও উদ্যোক্তারা ছিলেন। আলোচনাটি সঞ্চালনা করেন দৈনিক প্রথম আলোর বাণিজ্য সম্পাদক শওকত হোসেন। এতে অর্থনৈতিক শিক্ষা-সংক্রান্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক মো. আবুল বাশার, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, দৈনিক সমকাল-এর সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত ও এইচএসবিসির হেড অব রেগুলেটরি কমপ্লায়েন্স বিভাগের প্রধান শাওলি কামাল খান।