মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় শূন্যের কোটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় স্থবির হয়ে পড়েছে। এ সময়ে দেশটির প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক দুই শতাংশ। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

প্রবৃদ্ধির এমন অধোগতির কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে গ্রাহক ব্যয় কমে যাওয়া এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের অব্যাহত দরপতনের কারণে এ অবস্থায় এসে ঠেকেছে। ২০১৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ২ শতাংশ। তবে আগামী দিনগুলোতে প্রবৃদ্ধির পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা করছেন বিশেষজ্ঞরা।

বার্তা সংস্থা রয়টার্সের যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর করা এক জরিপে চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি এক শতাংশ হতে পারে বলে আভাস দেওয়া হয়েছিল। লন্ডনভিত্তিক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান মার্কিটের প্রধান অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন রয়টার্সকে বলেন, বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ধীর প্রবৃদ্ধির কারণে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সম্ভবত শিগগির ব্যাংকের সুদ হার বাড়ানোর সিদ্ধান্ত নেবে না।

বিশ্বের বিভিন্ন মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের শক্তিশালী হওয়াও প্রবৃদ্ধি কমাতে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

অর্থনীতির এ ধীর প্রবৃদ্ধিতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেড উদ্বিগ্ন নয় বলে জানিয়েছে। এক বিবৃতিতে ফেড বলেছে, প্রবৃদ্ধির এ ধীরগতি সাময়িক। ফেডের কর্মকর্তারা দুই দিনব্যাপী এক নীতিনির্ধারণী বৈঠকে মিলিত হয়ে অর্থনীতিতে গতি আনতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের আবাসন, উৎপাদন, খুচরা পর্যায়ে বিক্রি ও ব্যবসায়ে বিনিয়োগে গত বছরের মারাত্মক শীতও নেতিবাচক ভূমিকা ফেলেছে। এর পরিপ্রেক্ষিতে অর্থনীতিবিদেরা ধারণা করেছিলেন, ব্যাংকের সুদের হার বাড়িয়ে দেবে ফেড। তবে এখন তাঁরা বলছেন, সুদের হার বাড়ানোর এ উদ্যোগ আগামী সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় প্রবৃদ্ধির যে উপাত্ত প্রকাশ করেছে, তাতে বিরূপ আবহাওয়া, জ্বালানি তেলের পড়তি মূল্য, ডলারের শক্তিশালী অবস্থান প্রবৃদ্ধি কমাতে কতটা ভূমিকা রেখেছে তার বিশদ বিবরণ নেই।

যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদেরা মনে করেন, বিরূপ আবহাওয়ার কারণে মার্কিন বিমান ও স্থলবন্দরগুলোতে পণ্য আনা-নেওয়া বাধাগ্রস্ত হয়েছে, যা ঋণাত্মক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ফলে দশমিক শূন্য তিন শতাংশ মোট দেশজ উৎপাদন (জিডিপি) কম হয়েছে বলে তাঁরা মনে করেন। গ্রাহক ব্যয় কমে যাওয়ার কারণেও প্রবৃদ্ধি ১ দশমিক ৯ শতাংশ কমেছে বলে অর্থনীতিবিদদের ধারণা।  সূত্র: রয়টার্স