মার্কিন বিমা কোম্পানি কিনে নিচ্ছে চীনা কোম্পানি
যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বিমা প্রতিষ্ঠান জেনওয়ার্থ ফাইন্যান্সিয়াল ইনকরপোরেশন কিনে নিচ্ছে চীনা কোম্পানি ওশানওয়াইড হোল্ডিং গ্রুপ কোম্পানি। নগদ ২ দশমিক ৭ বিলিয়ন ডলারে এই লেনদেন হতে যাচ্ছে।
অর্থনৈতিক শ্লথগতি ও চীনের মুদ্রা ইউয়ানের অবমূল্যায়নের কারণে চলতি বছর ব্যাপক হারে বিদেশি প্রতিষ্ঠান কিনছেন চীনা ব্যবসায়ীরা। এর ধারাবাহিকতায় এবার এই চুক্তি সম্পাদিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল রোববার দুই কোম্পানির এক যৌথ বিবৃতিতে জানানো হয়, জেনওয়ার্থের শেয়ারপ্রতি ৫ দশমিক ৪৩ ডলার দেবে ওশানওয়াইড। অর্থাৎ, গত শুক্রবার পুঁজিবাজারে লেনদেন শেষে জেনওয়ার্থের যে দাম দাঁড়িয়েছে, এর চেয়ে ৪ দশমিক ২ শতাংশ বেশি মূল্য দেবে কোম্পানিটি। এ ছাড়া ২০১৮ সাল নাগাদ জীবন বিমা প্রিমিয়াম বাবদ জেনওয়ার্থের যে পরিমাণ ঋণ আসবে, তা পরিশোধে ১ দশমিক ১২ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে ওশানওয়াইড।
বেইজিংভিত্তিক ওশানওয়াইড হোল্ডিং গ্রুপ কোম্পানির মালিক চীনা ব্যবসায়ী লু ঝিকিয়াং। গবেষণা প্রতিষ্ঠান হুরুনের জরিপ অনুযায়ী, বর্তমানে তিনি চীনের নবম শীর্ষ ধনী। তাঁর সম্পদের পরিমাণ সাড়ে ১২ বিলিয়ন ডলার।
অন্যদিকে, ১৮৭১ সালে প্রতিষ্ঠিত হয় জেনোর্থ ফাইন্যান্সিয়াল ইনকরপোরেশন। বর্তমানে প্রতিষ্ঠানটির জীবনবিমার গ্রাহকসংখ্যা প্রায় ৪০ লাখ। এ ছাড়া বন্ধকি বিমা কার্যক্রমও পরিচালনা করে প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে ওশানওয়াইডের মালিক লু বলেন, ‘বন্ধকি বিমা ও দীর্ঘমেয়াদি জীবনবিমা ব্যবসায় সুপ্রতিষ্ঠিত কোম্পানি জেনওয়ার্থ। আমরা মার্কিন প্রতিষ্ঠানটির পুনর্বিন্যাস প্রক্রিয়ায় আর্থিক সহায়তা করতে পারব।’
অন্যদিকে, জেনওয়ার্থের প্রেসিডেন্ট টম জানান, চীনা ফার্মটি জেনওয়ার্থের আদর্শ মালিক হতে পারবে। জেনওয়ার্থের শেয়ারধারীদের সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় এই বিনিয়োগ।
২০১৬ সালে রেকর্ড ১৮১ বিলিয়ন ডলারের বিদেশি সম্পত্তি অধিগ্রহণ ও একত্রীকরণ করেছেন চীনা ব্যবসায়ীরা, যা গত বছরের চেয়ে ৭০ শতাংশ বেশি।