ট্রান্সশিপমেন্ট
মাশুলে আরও ছাড় দেওয়ার ইচ্ছে
চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহার করে পণ্য আনা-নেওয়া করবে ভারত। এ জন্য প্রস্তাবিত মাশুল হচ্ছে টনপ্রতি ৫৫৪ টাকা।
ভারত ট্রান্সশিপমেন্টের আওতায় পণ্য আনা-নেওয়ার জন্য বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করবে। ইতিমধ্যে পণ্যের পরীক্ষামূলক চালান কলকাতা থেকে আগরতলা গেছে। ভারতকে এই দুটি বন্দর ব্যবহারের ক্ষেত্রে মাশুলে আরও ছাড় দিতে চায় বাংলাদেশ। বাংলাদেশ যে মাশুল প্রস্তাব করেছিল, তাতে আরও ছাড় দিতে অনুরোধ জানিয়েছে ভারত।
জানা গেছে, বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্কের সুবাদে ভারতীয় পণ্যের শুল্ক-করের বিপরীতে কোনো ব্যাংক গ্যারান্টি নেবে না বাংলাদেশ। বিভিন্ন মাশুলেও ছাড় দেওয়া হচ্ছে। যেমন বন্দরে কাগজপত্র প্রক্রিয়াকরণ মাশুল টনপ্রতি হিসাবের পরিবর্তে প্রতি চালানের জন্য নির্ধারিত মাশুল রাখা হবে। ফলে এক চালানে যত পণ্যই থাকুক না কেন, মাশুলের পরিমাণ বাড়বে না। এ ছাড়া পণ্যের পাহারা মাশুল ও ইলেকট্রনিক কার্গো ট্র্যাকিং সিস্টেম মাশুলে যেকোনো একটি মাশুল আরোপের চিন্তাভাবনা করছে বাংলাদেশ। তবে নিরাপত্তা, স্ক্যানিংসহ অন্যান্য প্রশাসনিক মাশুল থাকবে। সব মিলিয়ে এক টন পণ্য পরিবহনে মাশুল প্রস্তাব করা হয়েছে ৫৫৪ টাকা।
আজ বুধবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিন দিনব্যাপী দুই দেশের নৌসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নৌসচিব মেজবাহ উদ্দিন চৌধুরী। বৈঠকে চট্টগ্রাম বন্দর ও মোংলা বন্দর ব্যবহারের মাশুল নিয়ে আলোচনা হবে। মাশুল নিয়ে বাংলাদেশ একটি অবস্থানপত্র তৈরি করেছে। তাতে মাশুলে ছাড় দেওয়ার কথা রয়েছে। মাশুল নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক বিভাগ।
২০১৫ সালে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। ভারতীয় পণ্যের চালান ওই দুটি বন্দর ব্যবহার করে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতে যাবে। গত বছর জুলাই মাসে পরীক্ষামূলকভাবে কলকাতার শ্যামা প্রসাদ বন্দর থেকে লোহা ও ডালের দুটি চালান চট্টগ্রাম বন্দর হয়ে সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় গেছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার ক্ষেত্রে শুধু রাজস্ব আদায়কে প্রাধান্য না দিয়ে দেশের ভেতরে ব্যবসা-বাণিজ্য কেমন বাড়বে, তা দেখতে হবে। মাশুল কমিয়ে সুযোগ-সুবিধা বাড়িয়ে যদি ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট প্রবাহ বাড়ানো যায়, তাহলে দেশের পরিবহনসহ বিভিন্ন ধরনের ব্যবসা বাড়বে। এতে নতুন বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে। পুরো বিষয়টিকে সমন্বিত ও সামগ্রিক দৃষ্টিতে দেখতে হবে।’
মোস্তাফিজুর রহমানের মতে, এখন মাশুল কমালে পরবর্তী সময়ে বাংলাদেশ যখন ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য নিতে যাবে, তখন দর-কষাকষি করা সম্ভব হবে।
প্রতি টনে মাশুল ৫৫৪ টাকা
দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) টনপ্রতি হিসেবে ট্রান্সশিপমেন্ট, কাগজপত্র প্রক্রিয়াকরণ, প্রশাসনিক, নিরাপত্তা, পাহারা, স্ক্যানিং ইত্যাদি মাশুল নির্ধারণ করে। কিন্তু সেই মাশুলে ভারত রাজি ছিল না। ভারত মাশুলের হার পর্যালোচনা করে যৌক্তিক করার অনুরোধ জানায়। ফলে গত বছর আবারও মাশুল ঠিক করা হয়। প্রস্তাবিত মাশুল হলো চালানপ্রতি কাগজপত্র প্রক্রিয়াকরণ ৩০ টাকা, টনপ্রতি ট্রানশিপমেন্ট ২০ টাকা, নিরাপত্তা ১০০ টাকা, পাহারা (যদি প্রযোজ্য হয়) ৫০ টাকা, অন্যান্য প্রশাসনিক খরচ ১০০ টাকা, স্ক্যানিং ২৫৪ টাকা। সব মিলিয়ে প্রস্তাবিত মাশুল দাঁড়ায় টনপ্রতি ৫৫৪ টাকা। এবারে নয়াদিল্লির বৈঠকে প্রস্তাবিত মাশুলে আরও কিছু ছাড় দেবে বাংলাদেশ।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভারতীয় ব্যবসায়ীরা যাতে সহজে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে পারেন, সে জন্য মাশুলে ছাড় দেওয়া হচ্ছে। নিয়মকানুনও সহজ করা হচ্ছে। পণ্যের চালান আনা-নেওয়া বাড়লে রাজস্ব আদায় বাড়বে।
আপাতত রামগড় স্থলবন্দর নয়
চট্টগ্রাম বন্দর ব্যবহার করে সাবরুম সীমান্ত দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য নিতে আপাতত রামগড় স্থলবন্দর ব্যবহার করতে দিতে চায় না বাংলাদেশ। কারণ, এখনো এই স্থলবন্দরে পর্যাপ্ত অবকাঠামো নেই। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে নেওয়া প্রকল্পের কাজ এখন চলছে, যা ২০২২ সালের জুন মাসে শেষ হবে।
ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যে ট্রান্সশিপমেন্টের পণ্য আনা–নেওয়ার জন্য চারটি স্থলবন্দর ব্যবহারের সুযোগ আছে। এগুলো হলো কুমিল্লার বিবিরবাজার, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, সিলেটের তামাবিল ও শেওলা।