ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো ও সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তোরেসকে বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আরসিবিসি।
ফিলিপাইনের গণমাধ্যম ইনকোয়ারার ও র্যা পলারের প্রতিবেদন অনুযায়ী, রিজাল ব্যাংকের লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ম্যাকেল ফার্নান্দেজ এস্তাভিলো এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যাংকের নিয়ম-নীতিমালা ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকায় মাকাতির জুপিটার শাখার দুই প্রধান কর্মকর্তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুজনের বিরুদ্ধে আগামী সপ্তাহে আদালতে মামলা করার প্রক্রিয়া এখন চলছে। আরসিবিসির গঠিত অভ্যন্তরীণ তদন্তে ব্যাংকটির অন্য কর্মীদের সংশ্লিষ্টতার বিষয়টিও খুঁজে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে ইনকোয়ারার ও জিমিএ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইন থেকে অর্থ পাচারের কাজে জড়িত থাকার অভিযোগে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) দুজন ব্যবসায়ীর বিরুদ্ধে ডিপার্টমেন্ট অব জাস্টিসে (ডিওজে) ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত দুই ব্যবসায়ী হলেন ক্যাম সিন ওয়ং এবং ওয়েক্যাং জু। অর্থ পাচার আইন ভঙ্গ করে এই দুজন ব্যক্তি ফিলিপাইন থেকে ২ কোটি ১৬ লাখ ডলার ও ৫ কোটি ৯২ লাখ ডলার ফিলিপাইন থেকে পাচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এমএমএলসির অভিযোগে ক্যাম ওয়ং সম্পর্কে বলা হয়েছে, ওয়ংয়ের মালিকানাধীন ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি ও ফিলিপাইন ন্যাশনাল ব্যাংকের নিজস্ব হিসাবের মাধ্যমে ২ কোটি ১০ লাখ ডলার পাচার করা হয়েছে। আর ওয়েক্যাং জু সম্পর্কে বলা হয়েছে, তিনি একজন চীনা নাগরিক। ফিলিপাইনের সোলাইরি রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে একজন জাংকেট অপারেটর হিসেবে তিনি কাজ করতেন। তাঁর মাধ্যমেই বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া সিংহভাগ অর্থ ফিলিপাইন থেকে পাচার করা হয়। অর্থ পাচারের কাজে আরসিবিসির মাকাতি জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো এই দুই ব্যবসায়ীকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন বলেও অভিযোগে বলা হয়েছে।
ক্যাম সিন ওয়ং ফিলিপাইনের ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি নামের ক্যাসিনোর প্রেসিডেন্ট। ক্যাসিনোর কার্যক্রম তিনি মূলত হংকং থেকে চালান। এএমএলসির মাধ্যমে অভিযুক্ত হওয়ার আগেই তিনি হংকং ছেড়ে পালিয়ে যান। এ জন্য ফিলিপাইনে চলমান সিনেট ব্লু রিবন কমিটির শুনানিতে আসেননি আলোচিত এ ব্যবসায়ী। দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের আগে এএমএলসি গত সপ্তাহে মায়া সান্তোস দেগুইতো এবং রিজাল ব্যাংকের চার হিসাবধারী ব্যক্তির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ দায়ের করে।
অভিযোগ দায়ের করলেও পাচার হওয়া অর্থ উদ্ধারে এএমএলসির ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির গণমাধ্যম র্যা পলার। এর সপক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়েছে, সরাসরি ব্যাংক হিসাব জব্দ করার সক্ষমতা না থাকায় এএমএলসি সন্দেহজনক অর্থের লেনদেন আটকাতে কার্যকর ভূমিকা নিতে পারেনি। মূলত এ কারণেই বাংলাদেশ ব্যাংকের অনুরোধের পরও আরসিবিসির সন্দেহজনক হিসাবগুলো জব্দ করতে এএমএলসির ১৮ দিন সময় লেগেছিল। এ বিষয়ে ব্যবস্থা নিতে এএমএলসিকে ফেব্রুয়ারির ৮ তারিখে অনুরোধ জানায় বাংলাদেশ ব্যাংক। আর আদালতের অনুমতি নিয়ে হিসাব জব্দ করতে এএমএলসির লেগে যায় ১ মার্চ। তত দিনে ৮ কোটি ১০ লাখ ডলার আরবিসির হিসাব থেকে বেরিয়ে পাচার হয়ে যায়।
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে এএমএলসি এ বিষয়ে ১২ ফেব্রুয়ারি থেকে তদন্ত শুরু করে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জুলিয়া বাকায়-আবাদ বলেন, এএমএলসি বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে। তবে লোকবলের অভাবে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে আমাদের একটু বেশি সময় লেগে যায়।
এদিকে সিনেট ব্লু রিবন কমিটির নির্বাহী শুনানিতে আরসিবিসির বরখাস্ত শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো নির্ভয়ে কথা বলার নিশ্চয়তা চেয়েছেন। এ জন্য সাক্ষী সুরক্ষা কার্যক্রমের আওতায় শুনানিতে সাক্ষী রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।