মিছিলে মমতা, সঙ্গে শিবসেনা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পাঞ্জাবের অমৃতসরে একটি ব্যাংকের শাখায় কাচের দরজায় একটি নোটিশ সাঁটানো হয়েছে; যাতে লেখা রয়েছে ‘নগদ অর্থ শেষ’। তবু এর সামনে অপেক্ষা করছেন অনেক গ্রাহক l ছবি: এএফপি
ভারতের পাঞ্জাবের অমৃতসরে একটি ব্যাংকের শাখায় কাচের দরজায় একটি নোটিশ সাঁটানো হয়েছে; যাতে লেখা রয়েছে ‘নগদ অর্থ শেষ’। তবু এর সামনে অপেক্ষা করছেন অনেক গ্রাহক l ছবি: এএফপি

ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের প্রতিবাদ ও নতুন নোটের সংকট সমাধানে দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ কয়েকটি দলের নেতারা।
মমতা বন্দ্যোপাধ্যায়সহ এসব নেতা দিল্লিতে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান। সেখানে গিয়ে তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন এবং পাঁচ পাতার একটি স্মারকলিপি জমা দেন।
এ সময় মমতার সঙ্গে ছিলেন জম্মু-কাশ্মীরের প্রধান বিরোধী দল ন্যাশনাল কনফারেন্সের প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের প্রতিনিধি পাঞ্জাবের সাঙ্গরুরের আপদলীয় সাংসদ ভাগবন্ত মান। এ ছাড়া বিজেপির সবচেয়ে পুরোনো মিত্র শিবসেনার প্রতিনিধিও ছিলেন।
রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের অবস্থা এখন ঠিক কী রকম, তা প্রণব মুখোপাধ্যায়ের চেয়ে ভালো কেউ জানেন না। কারণ, তিনি দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রী ছিলেন এবং একজন অভিজ্ঞ রাজনীতিক। তিনি সব জানেন।
মমতা তাৎক্ষণিকভাবেই ওই দুটি রুপির নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন। পাশাপাশি তিনি রাষ্ট্রপতির সঙ্গে ১৬ বা ১৭ নভেম্বর দেখা করারও ঘোষণা দিয়েছিলেন। কংগ্রেস, বাম দল, জেডিইউ, আরজেডিসহ বিভিন্ন বিরোধী দলও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার প্রস্তাবে রাজি ছিল। কিন্তু তারা এত তাড়াতাড়ি দেখা করতে চায়নি। তাই তাদের বাদ দিয়েই নিজের পূর্ব ঘোষণা অনুযায়ী মমতা গতকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান।
মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমরা কেউ কালোটাকার পক্ষে নই। কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে সাধারণ মানুষকে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে, তা মেনে নেওয়া যায় না।’ তিনি আরও বলেন, সরকারের সঙ্গে কথা বলার জন্যও রাষ্ট্রপতিকে অনুরোধ করা হয়েছে।
এদিকে ভারত সরকারের মুদ্রা কারখানাগুলো যদি তাদের দৈনিক রুপি ছাপানোর পরিমাণ বাড়িয়ে তিন গুণ করে, তাতেও বাতিল হওয়া ৫০০ ও ১০০০ রুপির নোট বদলে দিতে অন্তত ১০৮ দিন সময় লাগবে। এসব মুদ্রা কারখানা বর্তমানে প্রতিদিন ৬ কোটি ৩০ লাখ করে নতুন নোট ছাপিয়ে থাকে।
৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করার জেরে ভারত সরকারকে এখন গ্রাহকদের ২ হাজার ২০০ কোটি রুপি বদলে দিতে হবে। এ জন্য সাড়ে তিন মাস সময় লাগবে; যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজটি সম্পন্ন করতে এর আগে দেশবাসীর কাছে ৫০ দিন সময় চেয়েছেন।
সারা ভারতে এখন প্রতিদিনই পুরোনো ৫০০ ও ১০০০ রুপির নোট বদলানোর জন্য ব্যাংক ও এটিএম বুথের সামনে গ্রাহকদের ভিড় বাড়ছে তো বাড়ছেই। ভোর হতে না হতেই টাকা বদলানোর লাইনে দাঁড়িয়ে পড়ে প্রচুর মানুষ। তাই জনগণের রুপি বদলে নেওয়ার ক্রমবর্ধমান এই চাহিদা মেটাতে সরকারের মুদ্রা কারখানাগুলোর ওপর নতুন নোট ছাপানোর ছাপ বাড়ছে। এসব কারখানার কর্মীরা ওভারটাইম বা অতিরিক্ত কাজ করলেও গ্রাহকদের পুরোনো রুপি বদলানোর চাহিদা মেটাতে প্রায় এক বছরের মতো সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের চারটি কারখানায় মুদ্রা ছাপানো হয়। এর মধ্যে মাইশোর ও সালবনিতে অবস্থিত দুটি কারখানা পরিচালনা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। আর বাকি দুটি কারখানা চলে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে।
আনন্দবাজার পত্রিকা ও বিজনেস স্ট্যান্ডার্ড অবলম্বনে।