মিস্ত্রির অপসারণের জের আদালত পর্যন্ত গড়াতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রতন টাটা
রতন টাটা

ভারতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে সাইরাস পালোঞ্জি মিস্ত্রিকে অপসারণের বিষয়টি আদালতে গড়াতে চলেছে। উভয় পক্ষই এখন আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে।
টাটা গোষ্ঠীর পরিচালনা পর্ষদ গত ২৪ অক্টোবর এক বৈঠকে সাইরাস মিস্ত্রিকে অপসারণ করে সাবেক চেয়ারম্যান রতন টাটাকে সাময়িকভাবে দায়িত্ব দেয়।
অপসারিত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি এরই মধ্যে টাটা গ্রুপের পরিচালনা পর্ষদকে কঠোর ভাষায় পাঁচ পৃষ্ঠার একটি চিঠি লিখেছেন। এরপর টাটার পরিচালনা পর্ষদও নড়েচড়ে বসেছে। বর্তমানে টাটা গোষ্ঠীর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্বে থাকা রতন টাটাসহ পরিচালনা পর্ষদের সদস্যরা সাইরাস মিস্ত্রির যেকোনো আইনি পদক্ষেপ মোকাবিলায় আগাম পদক্ষেপ হিসেবে বোম্বে হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট ও ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের শরণাপন্ন হয়েছেন। তবে মিস্ত্রি এখনো কোনো আইনগত ব্যবস্থার ঘোষণা দেননি।

সাইরাস মিস্ত্রি
সাইরাস মিস্ত্রি

সাইরাস মিস্ত্রির অপসারণের কয়েক দিনের মধ্যেই টাটার মানবসম্পদ প্রধান এন এস রাজনও পদত্যাগ করেন। তিনি মিস্ত্রির লোক হিসেবে পরিচিত ছিলেন। টাটা গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মিস্ত্রি নির্বাহী পর্ষদ গঠনের মাস খানেক পর ২০১৩ সালের মে মাসে রাজনকে নিয়ে আসেন। সাইরাস মিস্ত্রি যাঁদের নিয়ে টাটার গ্রুপ এক্সিকিউটিভ কাউন্সিল বা নির্বাহী পর্ষদ (জিইসি) গঠন করেছিলেন তাঁদের একজন এন এস রাজন।
কোম্পানির দীর্ঘমেয়াদি স্বার্থের কথা ভেবেই সাইরাস মিস্ত্রিকে অপসারণ করে রতন টাটাকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় বলে টাটা গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে। তখন আরও জানানো হয় যে রতন টাটার নেতৃত্বাধীন বাছাই কমিটি চার মাসের মধ্যে নতুন চেয়ারম্যান খুঁজে নেবে। মিস্ত্রিকে অপসারণের পাশাপাশি নির্বাহী পর্ষদও ভেঙে দেওয়া হয়।
মিস্ত্রিকে অপসারণের পর নির্বাহী পর্ষদের সদস্য রাজন ও হরিষ ভাটের ওপরও কোপ পড়তে পারে—এমন আশঙ্কা করা হচ্ছিল। তবে পর্ষদের আরও দুই সদস্য বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সাবেক প্রধান মধু কান্নান ও নির্মাল্য কুমারের ভাগ্যে কী ঘটছে তা এখনো পরিষ্কার নয়। বিজনেস স্ট্যান্ডার্ড অবলম্বনে।