মিয়ানমারে আইসিসিবির কর্মশালা

আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়ন ও ব্যবসায় উন্নয়ন বিষয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) সম্প্রতি মিয়ানমারের ইয়াঙ্গুনে তিন দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে।
আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বলেন, বর্তমানে আনুষ্ঠানিক ব্যাংকিং সুবিধা না থাকার কারণে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার অধিকাংশ কার্যক্রম সীমান্ত বাণিজ্য এবং অন্যান্য অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে। সে জন্য তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির জন্য বাংলাদেশ ও মিয়ানমারের বাণিজ্যিক ব্যাংকগুলোকে শাখা খোলার অনুমতি দেওয়ার আহ্বান জানান।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইসিসিবির ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী ও মহাসচিব আতাউর রহমান, ইউএন-এসকাপের অর্থনীতিবিষয়ক কর্মকর্তা মাসাতো আবে বক্তব্য দেন। এতে আরও উপস্থিত ছিলেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান, মিয়ানমার ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইউ থিয়েন তুন। বিজ্ঞপ্তি।