মিয়ানমারে সংস্কারের পুরোভাগে টেলিযোগাযোগ ও ব্যাংক খাত

টেলিযোগাযোগ ও ব্যাংকিং খাতের ওপর জোর দিয়ে মিয়ানমারে অর্থনীতির আধুনিকায়নে এখন সর্বাত্মক প্রচেষ্টা চলছে। অর্থনীতিকে প্রবৃদ্ধি অর্জনের পরবর্তী ধাপে তোলার জন্য সরকারি ও বেসরকারি খাত মিলে ইতিমধ্যে সংস্কারের ভিত্তি তৈরি করেছে।
তবে সংস্কারের প্রচেষ্টা সত্ত্বেও দেশটির সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে।
কাতারের টেলিযোগাযোগ কোম্পানি উরেডু প্রথম বিদেশি কোম্পানি হিসেবে গত শুক্রবার থেকে দেশটিতে মোবাইল ফোন-সেবা চালু করেছে। এ যাত্রায় তারা বৃহত্তর ইয়াঙ্গুন, মান্দালয় ও নেপিডোতে মোবাইল ফোন ও তৃতীয় প্রজন্মের (থ্রিজি) ইন্টারনেট-সেবা চালু করল। প্রতিষ্ঠানটি শুরুতে প্রতিটি ফোনকলে প্রতি মিনিটে দুই থেকে চার সেন্ট আদায় করবে (বাংলাদেশের দেড় থেকে তিন টাকা)।
কাতারি কোম্পানিটির তথ্য অনুযায়ী তাদের কার্যক্রম শুরুর ফলে মিয়ানমারের ৭৮ লাখ মানুষ মোবাইল ফোন ও ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় এসে গেছে; যা দেশটির মোট জনসংখ্যার ১৫ শতাংশ।
নরওয়েভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনরও (বাংলাদেশের গ্রামীণফোনের মূল কোম্পানি) আগামী মাসে দেশটিতে মোবাইল ফোন ও ইন্টারনেট-সেবা চালু করবে। তাদের নেটওয়ার্কের আওতায়ও প্রায় উরেডুর সমান গ্রাহক চলে আসবে।
মিয়ানমার সরকার গত বছর তীব্র প্রতিযোগিতামূলক টেন্ডার বা দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে উরেডু ও টেলিনরকে দেশব্যাপী মোবাইল ফোন ও ইন্টারনেট-সেবা চালুর লাইসেন্স দেয়। স্বচ্ছতা বজায় রেখে কোম্পানি দুটিকে লাইসেন্স দেওয়ায় তা খুবই প্রশংসিত হয়েছে।
এদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান মিয়ানমার ডাক ও টেলিযোগাযোগও (এমপিটি) তার মোবাইল ফোন নেটওয়ার্ক আধুনিকায়নের জন্য ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই অর্থ বাংলাদেশের প্রায় ১৬ হাজার কোটি টাকার সমান। জাপানের দুটি প্রতিষ্ঠান কেডিডি করপোরেশনের অংশীদারে ও সুমিতোমোর সহায়তায় যুগপৎ মোবাইল ফোন ও ইন্টারনেট নেটওয়ার্ক উন্নয়নের কাজ করবে এমপিটি। দেশটি এখনো ই-কমার্স বা ইন্টারনেটের মাধ্যমে কেনাবেচা ও মোবাইল ব্যাংকিংয়ে বেশ পিছিয়ে আছে। এ দুটি ক্ষেত্রেও তাদের সম্ভাবনা রয়েছে।
মোবাইল ফোন ও ইন্টারনেট-সেবা শুরু হলেও দেশটিকে এখনো আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। কারণ এই সেবা বিস্তারে দেশজুড়ে হাজার হাজার টাওয়ার নির্মাণ করতে হবে; যার জন্য দরকার হবে জমি অধিগ্রহণের। কিন্তু যোগযোগ, নির্মাণ মন্ত্রণালয়সহ আঞ্চলিক ও জেলা পর্যায়ের একাধিক সংশ্লিষ্ট কর্তৃক্ষের অনুমোদন পেতে আমলাতান্ত্রিক জটিলতা দেখা দিতে পারে। আবার জমির মালিকেরা রাজি না হলে কাজ পিছিয়ে যাবে। তার ওপর দেশটির সড়ক যোগাযোগ ভালো নয়। সব মিলিয়ে কাজটি কঠিনই হবে বলে মনে করা হচ্ছে।
এর ওপর রাষ্ট্রীয় মালিকানাধীন এমপিটিও সরাসরি এই ব্যবসায় জড়িত থাকায় উরেডো ও টেলিনরের পক্ষে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো বৈরী আচরণ প্রদর্শন বা অনুমোদন প্রদানে বিলম্ব করতে পারে এমন আশঙ্কাও রয়েছে।
মিয়ানমার সরকার খুব শিগগির পাঁচ থেকে ১০টি বিদেশি ব্যাংককে সেই দেশে সীমিত আকারে হোলসেল ব্যাংকিংয়ের লাইসেন্স দেবে। এই প্রক্রিয়ার প্রথম ধাপে গত মাসে ২৫টি বিদেশি ব্যাংকের একটি তালিকাও প্রকাশ করেছে সরকার।
বিদেশি ব্যাংককে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে দেশটির সরকার অবশ্য বাণিজ্যিক ও রাজনৈতিক ভারসাম্যের কথাই বেশি বিবেচনা করবে। সে অনুযায়ী জাপান, চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডভিত্তিক ব্যাংকগুলোই প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। এর পরেই রয়েছে কোরিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের ব্যাংকগুলো।
সংক্ষিপ্ত তালিকায় থাকা একমাত্র পশ্চিমা ব্যাংক হলো এএনজেড। দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশেই জোরালো উপস্থিতি থাকার সুবাদে এটি অনুমোদন পেতে পারে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেরও সম্ভাবনা ছিল। কিন্তু তারা দরপত্র প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছে। এতে আর্থিক খাতের অনেকের মতো এমনকি মিয়ানমার সরকারও বিস্মিত হয়েছে। অবশ্য স্ট্যানচার্ট স্থানীয় কোনো ব্যাংকের সঙ্গে যৌথভাবে কিংবা সামান্য অধিগ্রহণের মাধ্যমে কাজ করবে বলে অনেকেই মনে করেন।
বিশ্লেষকদের মতে, মিয়ানমার সরকার বিদেশি ব্যাংককে অনুমোদন দিলেও তাদের ওপর কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ বজায় রাখবে। বহুজাতিক কোম্পানি ও স্থানীয় ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার মধ্যেই সীমিত রাখা হবে তাদের কার্যক্রম। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর ওপর দেশীয় ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করার শর্তও আরোপ করা হতে পারে। আর এটি করা হবে দেশীয় ব্যাংকগুলোর সুরক্ষা ও জ্ঞান-দক্ষতা বাড়ানোর জন্য।
ফিন্যান্সিয়াল টাইমস ও ওয়ালস্ট্রিট জার্নাল