মুদ্রাবাজারে পাউন্ডের ব্যাপক দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার​ও কমেছে পাউন্ডের দর। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের চলে যাওয়ার (ব্রেক্সিট) পরিকল্পনার অংশ হিসেবে ইইউয়ের একক বাজার থেকে সরে আসবে দেশটি—এমন সংবাদে গতকাল রোববার দরপতন হয় পাউন্ডের। ডলারের বিপরীতে পাউন্ডের দর কমে ১ দশমিক ২০ ডলারে নেমে এসেছে; যা গেল তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এশিয়ার বাজারে ইউরোর বিপরীতে কমেছে ১ শতাংশ, যা গেল দুই মাসের মধ্যে সর্বনিম্ন। খবর বিবিসির।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী মঙ্গলবার ব্রেক্সিট বিষয়ে বক্তব্য দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই বক্তব্যকে ঘিরে বিনিয়োগকারীদের মাঝে শঙ্কা তৈরি হয়েছে। আর তার নেতিবাচক প্রভাব পড়তে দেখা গেছে।

এ ছাড়া দরপতনের জন্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যও প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সম্প্রতি দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, পাউন্ডের দরপতন যুক্তরাজ্যের ব্যবসা-বাণিজ্যের জন্য ইতিবাচক।

আজ সোমবার সোনালী ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া বিনিময় হারের তথ্য অনুযায়ী, ১ পাউন্ড পাওয়া যাচ্ছে ৯৪ টাকায়। ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের দেওয়া বিনিময় হারের তথ্য অনুযায়ী, ১ পাউন্ড লেনদেন হচ্ছে ৯৩ দশমিক ৬২ টাকায়। বাংলাদেশ ব্যাংকের বিনিময় হার তথ্য অনুযায়ী, গত জুনে ব্রেক্সিট নিয়ে গণভোটের আগে ১ পাউন্ড পাওয়া যেত ১১৫ টাকায়।

ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্য থাকবে কি না, তা নিয়ে গণভোটে বেরিয়ে আসার পক্ষে সিদ্ধান্ত আসে। এরপর মুদ্রাবাজারে ডলারের বিপরীতে পাউন্ডের দর প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমে যায়; যা প্রায় ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন। ইইউতে যুক্তরাজ্য যে শুল্কমুক্ত সুবিধা পায় বেক্সিটের পর তা বাতিল হবে কি না—এমন আশঙ্কা তৈরি হয় বিনিয়োগকারীদের মাঝে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী থেরেসা মে ঘোষণা দেন, ২০১৭ সালের মার্চ থেকে ব্রেক্সিট কার্যকরের পদক্ষেপ শুরু হবে। এরপর আরেক দফা কমে পাউন্ডের দর।