
প্রথা ভেঙে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের নতুন আইফোন বাজারে এনে এক প্রকার বাজিই ধরেছিল অ্যাপল। তাদের সে বাজি কাজে এসেছে। গত বছরের শেষ প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে রেকর্ডসংখ্যক আইফোন বিক্রি হয়েছে। বিশ্বের করপোরেট ইতিহাসে এক প্রান্তিকের মুনাফায় রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
অ্যাপল কর্তৃপক্ষ ২৭ জানুয়ারি জানিয়েছে, গত বছরের শেষ তিন মাসে ৭ কোটি ৪৫ লাখ আইফোন বিক্রি হয়েছে, যা বাজার বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে আইফোন ৬ ও ৬ প্লাস বাজারে ছাড়ে অ্যাপল। এ বছর অ্যাপলের মুনাফা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬০ কোটি মার্কিন ডলার। আইফোন বিক্রি বেড়ে যাওয়ায় শেষ প্রান্তিকে অ্যাপলের মোট মুনাফাও গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, বাজার বিশ্লেষকেরা আইফোন বিক্রির হার বিস্ময়কর বললেও ফলাফল
আরও ভালো হতে পারত যদি বিশ্বজুড়ে ডলার শক্তিশালী হয়ে না উঠত।
গত প্রান্তিকের মতো এবার জানুয়ারি থেকে মার্চ এই প্রান্তিকেও মুনাফার ধারা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে অ্যাপল। এই প্রান্তিকে ৫২ থেকে ৫৫ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত মুনাফা আসতে পারে বলে আশা করছে অ্যাপল।
অ্যাপলের প্রধান আর্থিক কর্মকর্তা লুকান মায়েস্ত্রি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় ১৪ থেকে ২০ শতাংশ বেশি মুনাফা করবে অ্যাপল। বিশ্বজুড়ে ডলার শক্তিশালী হয়ে ওঠার পরও অ্যাপলের মুনাফা অব্যাহত থাকবে, যেখানে মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান তাদের পূর্বাভাসের কাছাকাছি যেতে পারছে না।
ডিসেম্বর প্রান্তিককে চমৎকার উল্লেখ করে মার্চ প্রান্তিক সম্পর্কে মায়েস্ত্রি বলেন, ‘মার্চ প্রান্তিক নিয়েও আমরা খুব আশাবাদী।’
নতুন আইফোন বাজারে এনে বরাবরের মতোই বাজার মাত করেছে অ্যাপল। ২০১৩ সালে আইফোন ৫ এস ও ৫ সি বাজারে এনে প্রথম প্রান্তিকেই পাঁচ কোটি ১০ লাখ ফোন বিক্রি করেছিল। বড় মাপের স্ক্রিনের আইফোন ৬ ও ৬ প্লাসও জনপ্রিয় হয়েছে। এর আগে অ্যাপল বড় মাপের স্ক্রিনযুক্ত পণ্য বাজারে আনতে উৎসাহী ছিল না। তবে বাজারের সঙ্গে তাল মিলিয়ে ৪ ইঞ্চি মাপের আইফোন ৫ ছেড়ে একবারেই ৪ দশমিক ৭ ইঞ্চি মাপের আইফোন ৬ ও সাড়ে ৫ ইঞ্চি স্ক্রিনের আইফোন ৬ প্লাস বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
অবশ্য, অ্যাপলের এই শক্তিই একদিন দুর্বলতায় রূপান্তরিত হতে পারে বলে সতর্ক করেছেন বাজার বিশ্লেষকেরা। বিজিসি পার্টনার্সের বাজার বিশ্লেষক কলিন গিলিথ এ প্রসঙ্গে বলেন, আইপড, আইপ্যাড, ম্যাক কম্পিউটারের মতো পণ্যের তুলনায় আইফোন থেকে অ্যাপল বেশি মুনাফা করে সত্যি, কিন্তু এটিই বড় বিপদ ডেকে আনতে পারে। স্মার্টফোনের বাজার প্রতিষ্ঠানটির সার্বিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। অ্যাপল এখন তাদের মুনাফার দুই-তৃতীয়াংশ নির্ভর করে আইফোন বিক্রির ওপর। সাত কোটি আইফোন বিক্রির খবর যতটা হয়তো চমৎকার, কিন্তু চিন্তা করতে হবে এক বছর পরে আবার সেই বাজার থাকবে কি না? আজকের যা সক্ষমতা, কালকে তা অ্যাপলের গলার কাঁটা হয়ে দাঁড়ায় কি না?
বাজার বিশ্লেষকদের এই মতামতকে উড়িয়ে দিয়ে লুকান মায়েস্ত্রি বলেছেন, ‘আমাদের পোর্টফোলিওকে আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি। আমরা পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজারে আসছি। এ বছরের এপ্রিলেই অ্যাপল ওয়াচ বাজারে আসবে। আমরা “অ্যাপল পের” মতো আর্থিক লেনদেনের সেবা এনেছি। আমাদের ধারণার চেয়ে বেশি আইপ্যাড বিক্রি অব্যাহত আছে। করপোরেট বাণিজ্য বাড়াতে আইবিএমের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছি।’
সূত্র: বিবিসি