মুম্বাইয়ে ফ্ল্যাটের মালিক হতে ৫৮০ বছর!

রাজস্থানের প্রকৌশলী আঙ্কুশ খান্ডেলওয়াল চার বছর আগে মুম্বাই আসেন। এখন তিনি কাজ করেন ভারতের অন্যতম বৃহৎ প্রকৌশল ও নির্মাতা প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুবরোতে। মাসিক বেতন ৬০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ হাজার টাকা)।
২৭ বছর বয়সী আঙ্কুশের বেতন ভারতের মাথাপিছু মাসিক আয়ের ১০ গুণেরও বেশি। তবুও মুম্বাইয়ে নিজের একটি ফ্ল্যাট কিনতে পারার ব্যাপারে খুব একটা আশাবাদী নন তিনি।
আঙ্কুশের ভাষ্য, ‘আমার মতো অনেক মানুষই কাজের প্রয়োজনে মুম্বাই এসে শহরটার প্রেমে পড়ে যান। এ জন্য পাঁচ, ছয়, ১০ বছর অথবা তারও বেশি সময় তাঁরা কষ্ট করেন। তারপর যখন এখানে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন, তখন তাঁদের এ শহর ছেড়ে চলে যেতে হয়। কারণ, তাঁদের একটি বাড়ি কেনার সামর্থ্য নেই।’
বাস অথবা ট্রেনে যেতে দুই ঘণ্টা সময় লাগে মূল শহর থেকে দূরবর্তী—এমন উপশহরগুলোতে একটি ফ্ল্যাট বাসার দামই শুরু হয় এক কোটি রুপি থেকে। তবে মুম্বাই শহরে একই রকম একটি ফ্ল্যাটের দাম শুরুই হয় দেড় কোটি রুপি থেকে।
ঢাকায় বসবাসকারী তরুণ চাকুরেদের অবস্থাও মুম্বাইয়ের আঙ্কুশের মতোই। এঁদেরই একজন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী সৌরভ রায়। মাসিক বেতন ৮০ হাজার টাকা।
ঢাকায় বাড়ি কেনার চিন্তাভাবনা আছে কি না জানতে চাইলে সৌরভ বলেন, ‘ইচ্ছে তো আছে, কিন্তু সামর্থ্য নেই। আমি বেতনের সব টাকাই যদি জমাই তাহলেও আমার বার্ষিক আয় দাঁড়ায় ১০ লাখ টাকা। মিরপুর এলাকায় এক হাজার ৩০০ থেকে দেড় হাজার বর্গফুটের একটি ফ্ল্যাটের দাম এখন ৮০ লাখ টাকার মতো। ব্যাংকের সুদের হার এত বেশি যে আমার পক্ষে কুলানো সম্ভব নয়। ফ্ল্যাট কেনার ইচ্ছেটা তাই আমার কাছে স্বপ্নের মতোই।’
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বাড়ি কেনার সক্ষমতা নেই সেখানে বসবাসকারী বেশির ভাগ মানুষের। এক কোটি ৩০ লাখ মানুষের এই শহরে মধ্যবিত্ত শ্রেণির চাকুরে ও শ্রমজীবী মানুষদের আবাসনের সুযোগ খুবই সীমিত।
মুম্বাই শহরে একটি ফ্ল্যাট অথবা একটি বাড়ি কিনতে আসলে কত টাকা খরচ হয় তা বলা খুবই কঠিন। কারণ, আয়করের পরিমাণ কমাতে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই কাগজে-কলমে একটি ফ্ল্যাটের মূল্য এতই কম দেখান যে তা প্রকৃত মূল্যের সঙ্গে কোনোভাবেই বাস্তবসম্মত থাকে না।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিবিআরই এক হিসাবে দেখিয়েছে, দক্ষিণ মুম্বাইয়ের অভিজাত এলাকা ওয়ালকেশ্বরে একটি ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। গত বছর এ এলাকায় বর্গফুট প্রতি দাম ছিল ৭৯ হাজার রুপি।
ভারতের ভূমিব্যবস্থা নিয়ে কাজ করেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী শিক্ষাবিদ সঞ্জয় চক্রবর্তী। ২০১২ সালে প্রকাশিত তাঁর এক বইয়ে তিনি হিসাব করে দেখিয়েছেন, ভারতের বার্ষিক গড় আয়ের সমান আয় করা একজন মানুষের মুম্বাইয়ের কেন্দ্রস্থলে একটি ফ্ল্যাট বাসা কেনার মূল্য পরিশোধ করতে ৫৮০ বছর সময় লাগবে।
বিশ্বের চতুর্থ জনবহুল শহর হলো মুম্বাই। ভবন নির্মাণে সরকারের নীতি ও নানা বিধি-নিষেধের কারণে মুম্বাইয়ে আবাসনের জায়গার প্রচণ্ড সংকট রয়েছে। মুম্বাই শহরের ৪১ শতাংশ স্থানকে ভারত সরকার ‘নো ডেভেলপমেন্ট জোন’ ঘোষণা করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সরকার মুম্বাইয়ে সাগরের তীরবর্তী এক হাজার ৮০০ একর জমি আবাসনের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যা শহরটির মোট ব্যবহারযোগ্য জমির দুই শতাংশ। এই জমির মালিক রাষ্ট্রীয় সংস্থা মুম্বাই পোর্ট ট্রাস্ট, যাদের কার্যক্রম এখন অনেকটাই কমে এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অর্থনীতিবিদ বলেন, মুম্বাইয়ে বসবাস করতে চান এমন অনেক লোকের বাড়ি কেনার সামর্থ্য নেই, আবার এমন লোকও আছেন যাঁদের বাড়ি কেনার সামর্থ্য আছে, কিন্তু তাঁরা বসবাসের উদ্দেশ্যে নয়, বিনিয়োগের জন্য বাড়ি কেনেন।
মুম্বাইয়ের অনেক কাঙ্ক্ষিত স্থানেই ৩০ ভাগের মতো অ্যাপার্টমেন্ট খালি অবস্থায় রয়েছে। এগুলোর মালিকেরা এতটাই ধনী যে এগুলো ভাড়া দিয়ে আয় করার প্রয়োজন পড়ে না তাঁদের। একটি নির্দিষ্ট সময় পর ভালো দামে তাঁরা এসব অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেন।
আবাসন পরামর্শদাতা প্রতিষ্ঠান সিবি রিচার্ড এলিসের ব্যবস্থাপনা পরিচালক অংশুমান ম্যাগাজিন বলেন, ভারতের আবাসন ব্যবসা কোনো যুক্তি দিয়ে চলে না। যাঁদের হাতে অতিরিক্ত অর্থ আছে, তাঁরা এটিকে সর্বোৎকৃষ্ট বিনিয়োগ মনে করেন। অর্থনৈতিক মন্দার সময়েও তাই অ্যাপার্টমেন্টের মূল্য বেড়েছে।
স্বামী-স্ত্রী দুইজন আয় করেও অনেকেই একটি বাড়ি কিনতে পারছেন না মুম্বাইয়ে। অ্যাপার্টমেন্ট কিনতে এককালীন অর্থ দেওয়ার পর মাসিক বন্ধকি অর্থ শোধ করতে গিয়ে অনেককেই কঠিন অবস্থায় পড়তে হচ্ছে। এমনই একজন নারী মানবসম্পদ কর্মকর্তা যিনি তাঁর স্বামীর সঙ্গে এক কোটি রুপি দিয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনতে যাচ্ছেন। তিনি বলেন, এটি ভয়াবহ এক দুঃস্বপ্নের মতো। একজনের আয় দিয়ে এটি করা সম্ভব নয়।
বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতিবিদ, আমলা ও অন্য প্রভাবশালী ব্যক্তিরা বাড়ি কেনাকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে চান কি না তা নিয়ে সংশয় রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হিউম্যান সেটেলমেন্টসের পরিচালক আরোমার রেভি বলেন, মুম্বাইয়ের আবাসন সমস্যা সমাধান করার মতো প্রচুর জায়গা এই শহরে রয়েছে যা চাহিদা ও জোগানের পার্থক্য অনেকাংশে কমিয়ে আনতে পারে। কিন্তু সেটা বড় রাজনৈতিক দলগুলোর স্বার্থের অনুকূল না হওয়ায় তারা চায় না এটা হোক।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস