মে মাসে বিশ্বে খাদ্যের দাম ১১ বছরের মধ্যে সর্বোচ্চ
বিশ্বজুড়ে বেড়েছে খাদ্যপণ্যের দাম। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় এক যুগের মধ্যে মে মাসে মাস হিসেবে সর্বোচ্চ বেড়েছে খাদ্যের দাম। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতি মাসে খাদ্য মূল্যসূচক হালনাগাদ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। দেখা গেছে, ১২ মাস ধরেই বাড়ছে বিশ্বের খাদ্যের দাম। করোনা মহামারির কারণে সরবরাহ ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে। উৎপাদন, শ্রম ও পরিবহনের ক্ষেত্র বাধাগ্রস্ত হয়েছে। বিস্তৃত মূল্যস্ফীতি এবং খাদ্যের জন্য ব্যয় বেড়ে যাওয়া কীভাবে বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সারা বিশ্বের শস্য, তেলবীজ, দুগ্ধজাত পণ্য, মাংস ও চিনির দরের ওপর ভিত্তি করে খাদ্য মূল্যসূচক তৈরি করে এফএও। গত বছরের একই সময়ের তুলনায় মে মাসে খাদ্যের দাম ৩৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে, যা ২০১০ সালের অক্টোবরের পর এক মাসে সর্বোচ্চ বৃদ্ধি। ২০১১ সালের সেপ্টেম্বরের পর খাদ্য মূল্যসূচক এতটা কখনোই বাড়েনি।
শস্য, তেলবীজ, দুগ্ধজাত পণ্য, মাংস ও চিনি—পাঁচটি পণ্যেরই দাম বেড়েছে। করোনার কারণে কিছু দেশে নতুন করে চাহিদা বেড়েছে, অন্যদিকে সরবরাহ ব্যাহত হয়েছে। চলাচলের ওপর বিধিনিষেধের কারণে বাজার ও সরবরাহ ব্যাহত হওয়ায় স্থানীয়ভাবে সংকট তৈরি হয়েছে এবং দাম বেড়ে গেছে। অর্থনীতিবিদেরা আগেই মূল্যস্ফীতি বিষয়ে সতর্ক করেছিলেন। বেশির ভাগ দেশের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা ২ শতাংশ থেকে আড়াই শতাংশের মধ্যে রেখেছে।
তবে কিছু শিল্পের শক্তিশালী পুনরুদ্ধার হচ্ছে। এফএওর পূর্বাভাসে বলা হয়েছে, এই বছর বিশ্বব্যাপী শস্য উৎপাদন রেকর্ড করবে, যা দামের ঊর্ধ্বমুখী চাপে ভারসাম্য আনবে।