মোবাইল ব্যাংকিংয়ে বিশ্বে শ্রীলঙ্কা দৃষ্টান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার ওয়েস্টার্ন প্রভিন্সের ওয়াক্কালা জেলার গামপাহা রোডের বাসিন্দা রাজন (২৪) পেশায় অটোচালক। গত শনিবার সকালে তিনি সেখানকার ডায়ালগ মোবাইল কোম্পানির সেবাকেন্দ্র থেকে পাঁচ হাজার রুপি গ্রামের বাড়িতে পাঠান। মুহূর্তের মধ্যে ১১০ কিলোমিটার দূরে সেন্ট্রাল প্রভিন্সের কেগাল জেলার মুগাডোলা গ্রামের বসবাসরত তাঁর স্ত্রীর মোবাইলে এ অর্থ জমা হলো। এ প্রতিবেদকের সামনেই কোনো ব্যাংকের সহায়তা ছাড়াই রাজন মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেন করেন।
এভাবেই শ্রীলঙ্কায় এখন মোবাইল ব্যাংকিং সুবিধা নিম্নবিত্ত, দিনমজুর, কৃষক, শ্রমিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। মোবাইল ব্যাংকিংয়ে শ্রীলঙ্কা এখন সারা বিশ্বের কাছে অনুকরণীয়। ইতিমধ্যে মোবাইল ব্যাংকিং সুবিধায় অগ্রগতির জন্য বিশ্বব্যাপী অপারেটরদের সংগঠন জিএসএমএ অ্যাওয়ার্ড পেয়েছে শ্রীলঙ্কা। ২০১২ সালে এ সুবিধা চালুর তিন বছরের মধ্যেই শ্রীলঙ্কায় মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকসংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে। মুঠোফোনের মাধ্যমে তাঁরা নিয়মিত অর্থ লেনদেন করেন। শ্রীলঙ্কার দুটি বড় মুঠোফোন অপারেটর ডায়ালগ ও মবিটেল বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে।
মুঠোফোনের মাধ্যমে গ্রাহক নিজেই ঘরে বসে বিদ্যুৎ, পানিসহ বিভিন্ন পরিষেবা বিল পরিশোধ করেন। আবার বাজারসদাই করা যায় এ মুঠোফোন দিয়েই। আবার কেউ চাইলে সঞ্চয়ও করতে পারেন। এ ধরনের মোবাইল ব্যাংকিং সুবিধা পেতে হলে গ্রাহকের কোনো ব্যাংক হিসাব বা অ্যাকাউন্ট লাগে না; শুধু একটি মুঠোফোন হলেই হয়। এতে শ্রীলঙ্কার প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে যেখানে প্রচলিত ব্যাংকের কোনো শাখা নেই, সেখানকার দরিদ্র জনগোষ্ঠী বেশি উপকৃত হচ্ছেন। কলম্বো, ক্যান্ডি, হাম্মানটোটা, গলসহ বিভিন্ন শহর এলাকায় বসবাসরত আত্মীয়স্বজন তাৎক্ষণিকভাবে অর্থ পাঠাতে পারে।
এর আগে ২০০৭ সালে শ্রীলঙ্কার ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) মুঠোফোনের মাধ্যমে প্রথম ইজি পে নামে একটি সেবা চালু করে। এ সেবা নিতে হলে গ্রাহকের অবশ্যই ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক করা হয়েছিল। তাই গরিব মানুষ এর সুবিধা নিতে পারেনি। তাই এ আর্থিক সেবাটি জনপ্রিয় হয়নি। প্রথম চার বছরে মাত্র ১৭ হাজার গ্রাহক মেলে।
পরে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক এ নীতি পরিবর্তন করে মুঠোফোন অপারেটরের মাধ্যমে ব্যাংকিং সুবিধা চালু করার সিদ্ধান্ত নেয়। এর আওতায় ২০১৩ সালে ডায়ালগ ও মবিটেলকে এ ধরনের ব্যাংকিং সুবিধা চালুর অনুমোদন দেয় শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে মোবাইল ব্যাংকিং সুবিধার বাজারে যত গ্রাহক রয়েছেন, তাঁদের মধ্যে ৭০ শতাংশের বেশি ডায়ালগের গ্রাহক। আর মবিটেলের অংশীদারত্ব ৩০ শতাংশের মতো।
ডায়ালগ কোম্পানির মোবাইল ব্যাংকিং সুবিধার নাম ইজি ক্যাশ, চালু হয় ২০১২ সালে। ইজি ক্যাশের মাধ্যমের প্রতি মাসে গড়ে ১২০ থেকে ১৩০ কোটি রুপি লেনদেন হয়। ডায়ালগের ভাইস প্রেসিডেন্ট ফারিক কাদের প্রথম আলোকে বলেন, প্রচলিত ব্যাংকিং সুবিধা শ্রীলঙ্কার কৃষক, দিনমজুর, ট্যাক্সিচালকসহ এ ধরনের শ্রেণির মানুষের কাছে পৌঁছাতে পারেনি। আগে তাঁরা বালিশের ভেতরে, বিছানার নিচে, মাটির পাত্রে টাকা সঞ্চয় করতেন। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা পরিবর্তনের কারণেই মুঠোফোন অপারেটররা গরিব মানুষের কাছে ব্যাংকিং সুবিধা নিতে পেরেছে। তাঁরা এখন এক কিলোমিটারের মধ্যে অর্থ জমা কিংবা নগদায়ন করতে পারেন।
অন্যদিকে, সরকারি মুঠোফোন অপারেটর মবিটেল ২০১৩ সালে এম ক্যাশ নামে মোবাইল ব্যাংকিং সুবিধা চালু করেছে। ডায়ালগের মতো এ প্রতিষ্ঠানও একইভাবে গ্রাহককে মোবাইল ব্যাংকিং সুবিধা দেয়।