ম্যাখোঁর জয়ে শক্তিশালী ইউরো
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাখোঁ। ফলাফল আসার সঙ্গে সঙ্গেই প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে। ডলারের বিপরীতে বেড়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ১৯টি দেশের একক মুদ্রা ইউরোর দর।
ইউরোপের ঐক্যপন্থী এবং ব্যবসাবান্ধব হিসেবে পরিচিত ইমানুয়েল ম্যাখোঁ। ম্যাখোঁর বিজয়ে ভবিষ্যৎ স্থিতিশীলতার বিষয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে একটি আস্থা এসেছে, তার প্রতিফলন দেখা গেছে ইউরোর দরে। আজ সোমবার ডলারের বিপরীতে শূন্য দশমিক ২ শতাংশ পর্যন্ত বেড়ে যায় ইউরোর দর।
ইমানুয়েল ম্যাখোঁ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে করপোরেট কর কমাবেন ও শ্রমবাজারে পরিবর্তন আনবেন। বাজার বিশ্লেষকেরা বলছেন, জনগণ ইমানুয়েল ম্যাখোঁকে ভোট দিয়েছেন তাঁর ব্যবসায়িক নীতির জন্য। তাঁর নীতির কারণে বিনিয়োগ বাড়বে এবং ফ্রান্সের বাজার গতি ত্বরান্বিত হবে—এমনটাই আশা জনগণের। তাঁরা মনে করছেন, মুক্তবাণিজ্য, অভিবাসন ও যৌথ সার্বভৌমত্বের জন্য দুয়ার খুলে দেবে ইমানুয়েল ম্যাখোঁর নীতি। তাঁর প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মারিন লো পেন নির্বাচনী প্রচারণায় ফ্রান্সকে একক মুদ্রা থেকে সরিয়ে আনার পরিকল্পনার কথা বলা হয়েছিল।
সূত্র: বিবিসি অনলাইন