যুক্তরাজ্য থেকে আমদানিতে নিজেদের গুটিয়ে আনছে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: রযটার্স

৭১ বছরের মধ্যে এই প্রথম জার্মানির শীর্ষ ১০ বাণিজ্যিক অংশীদারের তালিকা থেকে নেমে যাচ্ছে যুক্তরাজ্য। ১৯৫০ সাল থেকে জার্মানির শীর্ষ ১০ বাণিজ্যিক অংশীদারের মধ্যে থেকেছে যুক্তরাজ্য। তবে ব্রেক্সিট-সংক্রান্ত প্রতিবন্ধকতার কারণে চলতি বছরের শেষের দিকে এই অবস্থান ১১তম স্থানে নেমে যেতে পারে বলে মনে করছে জার্মানির পরিসংখ্যান অফিস। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফেডারেল স্ট্যাটিসটিকস অফিসের তথ্য অনুসারে, জার্মানরা ২০২১ সালের প্রথম ৬ মাসে যুক্তরাজ্যের পণ্যের জন্য ১৩ দশমিক ৮ বিলিয়ন ডলার বা প্রায় ১১ শতাংশ কম ব্যয় করেছে। বিশেষজ্ঞরা বলছেন, কোম্পানিগুলো ইচ্ছা করেই যুক্তরাজ্যকে এড়িয়ে যাচ্ছে এবং এই প্রবণতা দিন দিন বাড়ছে।

চার বছরের আলোচনা–পর্যালোচনার পর ২০২০ সালের শেষে ইউরোপীয় ইউনিয়নের একক বাজার ছেড়ে চলে যায় যুক্তরাজ্য। তার পর থেকে দুই দেশের বাণিজ্য কার্যক্রম জটিল হয়ে পড়ে। জার্মানিতে ব্রিটিশ চেম্বার অব কমার্সের সভাপতি মাইকেল শ্মিট বলেন, এই প্রতিবন্ধকতার কারণে আরও বেশিসংখ্যক ক্ষুদ্র ও মাঝারি আকারের কোম্পানি যুক্তরাজ্যে বাণিজ্য বন্ধ করছে।

যে দুটি খাতে বাণিজ্যিক কার্যক্রম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা হলো কৃষি ও ওষুধশিল্পে। কৃষি খাতে যুক্তরাজ্য থেকে আমদানি কমেছে ৮০ শতাংশ ও ওষুধ খাতে কমেছে ৫০ শতাংশ।

ফলে জার্মানির শীর্ষ বাণিজ্যিক অংশীদারদের তালিকা থেকে নেমে যাচ্ছে যুক্তরাজ্য। গত বছর যুক্তরাজ্যের অবস্থান ছিল নবমে। ২০১৬ সালে ইইউ ছাড়ার আগে পঞ্চম স্থানে ছিল দেশটি।

তবে জার্মানির কোম্পানিগুলো যুক্তরাজ্য থেকে আমদানি কমালেও যুক্তরাজ্য এখনো জার্মানি থেকে প্রচুর আমদানি করছে। চলতি বছরের প্রথম ৬ মাসে আমদানি ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৩২ দশমিক ১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।