যুক্তরাজ্যের অর্থনীতি পড়ে যেতে পারে: আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের (ব্রেক্সিট) কারণে নাজুক অবস্থানে যুক্তরাজ্যের অর্থনীতি। আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি ইউরো এলাকাকে বেছে নেয়, তাহলে যুক্তরাজ্যের অর্থনীতি পড়ে যেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

গতকাল মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি পূর্বাভাস কমানো হয়। চলতি বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি, যা আগে ১ দশমিক ৯ হবে বলা বলা হয়েছিল। এ ছাড়া সবচেয়ে বেশি বিপর্যয়ের কথা বলা হয়েছে ২০১৭ সালে যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে। এ সময়ের প্রবৃদ্ধি পূর্বাভাস ২ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৩ শতাংশ করেছে সংস্থাটি।

সংস্থাটি বলছে, চলতি বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ১ শতাংশ। আর আগামী বছর তা গিয়ে দাঁড়াতে পারে ৩ দশমিক ৪ শতাংশে। নতুন পূর্বাভাসে যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে সবচেয়ে বেশি আশঙ্কার কথা বলা হয়েছে।

সংস্থাটি মনে করছে, ব্রেক্সিট ভোটের কারণে অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তা উল্লেখযোগ্য হারে বাড়বে। যার ফলে সামষ্টিক অর্থনীতিতে একটি নেতিবাচক প্রভাব পড়বে। আইএমএফ বলছে, ব্রেক্সিটের পর যুক্তরাজ্য ও ইইউ বড় ধরনের অর্থনৈতিক বাঁধা অতিক্রম করে নতুন নতুন বাণিজ্যিক চুক্তিতে একাত্ম হবে, এটা বিবেচনায় নিয়ে নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি ইউরো এলাকায় নতুন স্থান খুঁজে নেয়, যুক্তরাজ্য অর্থনৈতিক মন্দায় পড়বে বলে সতর্ক করেছে সংস্থাটি। সূত্র: ব্লুমবার্গ