যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন-বিষয়ক মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে পোশাক খাতে নিরাপত্তা ও কর্মপরিবেশের ইতিবাচক অগ্রগতি হয়েছে। কর্মপরিবেশের উন্নয়নে ক্রেতাদের যুক্ত করে নেওয়া সমন্বিত উদ্যোগ (অ্যাকর্ড) এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাজ্যের এক সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে দেশটির আন্তর্জাতিক উন্নয়ন-বিষয়ক মন্ত্রী ডেসমন্ড সোয়েইন এসব কথা জানান।
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির এমপি রিচার্ড বারডেন দেশটির আন্তর্জাতিক উন্নয়ন-বিষয়ক মন্ত্রীর কাছে জানতে চান, বাংলাদেশে কর্মপরিবেশের উন্নয়ন ও নিরাপত্তার মান বৃদ্ধিতে নেওয়া উদ্যোগ (অ্যাকর্ড) কতটা কাজে এসেছে এবং এ বিষয়ে মন্ত্রীর মূল্যায়ন কী?
লিখিত জবাবে মন্ত্রী ডেসমন্ড সোয়েইন জানান, ওই উদ্যোগের মাধ্যমে ২০১৩ সাল থেকে ১ হাজার ৩৯০টি কারখানায় নিরপেক্ষ পরিদর্শন চালানো হয়েছে। এসব কারখানা অ্যাকর্ডে স্বাক্ষরকারী ব্র্যান্ডগুলোর জন্য পোশাক তৈরি করে। পরিদর্শন-পরবর্তী যেসব কারখানা সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোর জন্য পোশাক সরবরাহ অব্যাহত রেখেছে, সেসব কারখানায় সংশোধিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা দিয়েছে। এর ফলে বর্তমানে প্রায় ২৪ লাখ শ্রমিক তুলনামূলক নিরাপদ পরিবেশে কাজ করছেন বলে জানান ব্রিটিশ এই মন্ত্রী।
ব্রিটিশ মন্ত্রী আরও জানান, গেল জানুয়ারি মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ সাসটেইনেবেলিটি কমপ্যাক্ট’ শীর্ষক এক পর্যালোচনা চালানো হয়। এতে বাংলাদেশের শ্রমিকদের কর্মপরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা মান উন্নয়নে অ্যাকর্ডের মতো বেসরকারি উদ্যোগগুলোর অবদানের কথা স্বীকার করা হয়।