যুক্তরাজ্যের ইস্পাত থেকে ২৫% শুল্ক প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্পাত কারখানায় কাজ করছেন একজন শ্রমিক
ছবি: গেটি ইমেজেস

২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে ইউরোপীয় ইউনিয়ন ও জাপানি পণ্যে শুল্ক আরোপ করেন। এ নিয়ে দুই দেশের মধ্যে অনেক তিক্ততা সৃষ্টি হয়। এবার সম্পর্কের সেই বৈরিতা দূর করে যুক্তরাজ্যের ইস্পাত ও অ্যালুমিনিয়ামে আরোপিত শুল্ক কমাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের পণ্যে আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত রাখবে।

এই সমঝোতার অধীনে যুক্তরাষ্ট্র কোটাব্যবস্থা প্রবর্তনের সঙ্গে ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করবে। ফলে যুক্তরাজ্য বিনা মূল্যে নির্দিষ্ট পরিমাণ ধাতব পণ্য আমদানি করতে পারবে। এই সিদ্ধান্ত ১ জুন থেকে কার্যকর হবে। এটিকে স্বাগত জানিয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। খবর বিসিসির।

সমঝোতাটির মধ্য দিয়ে একরাশ বিরক্তি ও হতাশা দূর হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যসচিব আন্নে ম্যারি ট্রেভেলান। ইস্পাত ও অ্যালুমিনিয়াম খাতের জন্য এটি বড় সুখবর। এতে যুক্তরাজ্যে ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। অর্থাৎ যুক্তরাজ্যের উৎপাদনকারীরা যুক্তরাষ্ট্রের বাজারে আবারও বিনা শুল্কে ব্যবসা করার সুবিধা পাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটিয়ে যুক্তরাজ্য অনেক দূর এগিয়ে যাবে।

যুক্তরাজ্যের প্রতিশোধমূলক শুল্ক স্থগিতের বিষয়টি স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারাও। তাঁরা বলেন, এই শুল্কের কারণে বার্ষিক বাণিজ্যে ৫০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের জ্যেষ্ঠ ফেলো অর্থনীতিবিদ চ্যাড বোন বলেন, বাণিজ্য বৃদ্ধির লক্ষ্য সামনে রেখে বাইডেন প্রশাসন নিজ লক্ষ্যে প্রাধান্য দিচ্ছে। কিন্তু মার্কিন প্রশাসন শিগগিরই অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন করতে চায়, এমন লক্ষণ দেখা যায়নি।

কিন্তু কোটাব্যবস্থার ফলে ভোক্তার কম দামি পণ্যে সুবিধা পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ফ্লেক্সপোর্টের অর্থনীতিবিদ ফিল লেভি। তিনি বলেন, কোটাব্যবস্থার মাধ্যমে শুল্ক কমানো প্রকৃত অর্থে এসব বিষয়ে স্বচ্ছতা থেকে দূরে সরে আসা। এ কারণে মুক্ত বাণিজ্য থেকে কোনো সুবিধা মিলবে না।