যুক্তরাষ্ট্র দুই বছর পর মন্দায় পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দুই বছরের মধ্যে মন্দার মুখে পড়তে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যধিক আর্থিক পুনরুদ্ধার কর্মসূচির কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অস্থিতিশীলতা দেখা দেবে এবং তা মন্দা ডেকে আনবে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের (পিআইআইই) সভাপতি অ্যাডাম পোজেন আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসির কাছে গত মঙ্গলবার এমন মন্তব্য করেছেন।
মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিসের অর্থনৈতিক উপদেষ্টা ও ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের সাবেক অর্থনীতিবিদ অ্যাডাম পোজেন বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান উৎপাদনশীলতা ও কর্মসংস্থান অব্যাহত থাকলে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৩ শতাংশ বা এর চেয়ে অধিক হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। পোজেন বলেন, ট্রাম্পের কর ছাড় ও আর্থিক বিধান শিথিল করার পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র ফাঁদে পড়বে।
অ্যাডাম পোজেন মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিসে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দুই বছর করে সপ্তমবারের মতো কাজ করছেন এবং গত শতকের নব্বইয়ের দশকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের অর্থনীতিবিদ ছিলেন।
যুক্তরাষ্ট্রে বর্তমানে শূন্য দশমিক ৫ শতাংশ হারে কর্মসংস্থান এবং উৎপাদন ১ শতাংশ করে বাড়ছে। এমন অবস্থায় অর্থনীতিতে ৩ থেকে ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। আর দুর্ভাগ্যজনকভাবে যদি বেকারত্বের হার বর্তমান ধারাতেই থাকে, তাহলে তা বাড়ানো যাবে না বলে অ্যাডাম পোজেন মত দেন। তিনি সিএনবিসিকে বলেন, অর্থনৈতিক বিধিবিধান শিথিল করাটা একদিক থেকে ভালো হলেও অন্যদিকে তা ব্যাপক হারে ঋণ-প্রবাহ বাড়িয়ে দিতে পারে, যা অতীতেও দেখা গেছে। এ ধরনের পরিস্থিতি দেখা দিলে কেন্দ্রীয় ফেডারেল রিজার্ভকে আবার ঋণ বিতরণ কার্যক্রম নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করতে হবে।
পোজেন বলেন, ফেডারেল রিজার্ভ ইতিমধ্যে ধীরে ধীরে সুদের হার বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক বিকাশের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করেছে। চলতি মাসের গোড়ার দিকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১ শতাংশে উন্নীত করেছে ফেড। এ ছাড়া ফেডারেল রিজার্ভ চলতি বছরে সুদের হার আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছে।
এদিকে অ্যাডাম পোজেন মনে করেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে ফেডকে আরও অন্তত তিনবার এবং ২০১৮ সালেও সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে হতে পারে।