যুক্তরাষ্ট্রকে ছাড়াই টিপিপি বাঁচাতে সম্মত ১১ দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তিকে পুনরুজ্জীবিত করতে চায় এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্যমন্ত্রীরা। গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রশান্ত মহাসাগরীয় ১২ জাতির এই বাণিজ্যচুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে এ সিদ্ধান্ত নেন তিনি।

এরপর থেকে অনিশ্চয়তায় পড়ে এ চুক্তির ভবিষ্যৎ। গতকাল রোববার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত এক সভায় টিপিপি বাঁচাতে সম্মত হন বাকি ১১ দেশের বাণিজ্যমন্ত্রীরা। নতুন করে এ চুক্তিকে এগিয়ে নিয়ে যেতে তাঁরা আলোচনা করেন। যুক্তরাষ্ট্র যদি মত পরিবর্তন করে পুনরায় টিপিপিতে যুক্ত হতে চায়, তবে মার্কিন প্রশাসনকে সব রকমের সহায়তা দিতে রাজি আছে বাকি দেশগুলো—এমন সিদ্ধান্তে সম্মত হন তাঁরা।

নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে বলেন, ‘এই চুক্তিকে এগিয়ে নিতে একটি উপায় খুঁজে পেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তিতে আবার অংশ নেওয়ার পথ খোলা থাকলেও দেশটির ফেরত আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন মার্কিন প্রতিনিধি রবার্ট লাইথিজার। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র টিপিপি থেকে সরে এসেছে এবং এই সিদ্ধান্তের পরিবর্তন হবে না। তিনি আরও বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পূর্ণ সমর্থন জানিয়ে আমি মনে করি, বহুপক্ষীয় চুক্তির চেয়ে দ্বিপক্ষীয় চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য অধিক লাভজনক।’

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রসহ এশীয়–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ বহুল বিতর্কিত টিপিপি চুক্তিতে স্বাক্ষর করে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া নীতির আওতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, জাপান, ব্রুনাই, কানাডা, চিলি, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম।

সূত্র: বিবিসি।