যুক্তরাষ্ট্রকে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বৃদ্ধির পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিতে নোবেল বিজয়ী জোসেফ স্টিগলিৎজসহ ২২ জন অর্থনীতিবিদ মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বর্তমান ২ শতাংশ থেকে আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তাঁরা একটি প্যানেল বা কমিশন গঠন করে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বৃদ্ধির বিষয়টি সমীক্ষা করে দেখতে বলেছেন।

এসব অর্থনীতিবিদ ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জ্যানেট ইয়েলেনসহ মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদের অন্য সদস্যদের এ ব্যাপারে গত শুক্রবার একটি চিঠি দিয়েছেন। এতে তাঁরা যুক্তি দেখিয়ে বলেন, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বাড়ানো হলে ফেডারেল রিজার্ভ অর্থনীতির অধোগতি ঠেকাতে সক্ষম হবে এবং এর ফলে জনগণের জীবনযাত্রার মানের ওপরও অসংগত কোনো আঘাত লাগবে না।

নোবেলজয়ী স্টিগলিৎজ ছাড়া অন্য অর্থনীতিবিদদের মধ্যে যাঁরা ওই চিঠিতে সই করেন— ফেডারেল রিজার্ভের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা নারায়ণ কোচারলাকোটা ও জোসেফ গ্যাগনন, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শিক্ষক ব্র্যাড ডিলং, ডার্টমাউথ কলেজের ডেভিড ব্ল্যাঞ্চফ্লাওয়ার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারের সঙ্গে কাজ করা জেসন ফারম্যান, জ্যারেড বার্নস্টেইন ও জেনি স্পারলিং উল্লেখযোগ্য।

ফেড ২০১২ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ নির্ধারণ করেছিল। ওই বছরে অল্প কিছুদিন এবং চলতি বছরের ফেব্রুয়ারি ছাড়া বাকি সময়ে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার নিচেই থাকে।

সান ফ্রান্সিসকো ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেন, কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনা করা উচিত। একই ধরনের কথা বলেছেন ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান বেন বার্নানকে।

এদিকে অর্থনীতিবিদদের চিঠিটি বিভিন্ন কমিউনিটিভিত্তিক সংগঠন, লেবার ইউনিয়ন বা শ্রমিক সংঘ ও নীতিসংক্রান্ত বিশেষজ্ঞদের জোট ফেড আপের দৃষ্টি কেড়েছে। ওই জোটটি কেন্দ্রীয় ব্যাংকের সংস্কারের দাবিতে সোচ্চার। তারা কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কঠোর করার প্রতিবাদে আজ ওয়াশিংটন, নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ায় বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি পালন করবে।

ফেডারেল রিজার্ভ আগামীকাল ও পরশু নীতিনির্ধারণী সুদের হার বাড়ানোর বিষয়ে বৈঠকে বসবে। এ বৈঠকে চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।