যুক্তরাষ্ট্রে অবশেষে বাণিজ্য উন্নয়ন বিল পাস
মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অবশেষে গুরুত্বপূর্ণ ‘ট্রেড প্রমোশন অথোরিটি বিল’ পাস হয়েছে।
কয়েক সপ্তাহ ধরে ক্যাপিটল হিলের আইনসভা কংগ্রেসে উত্তেজনাপূর্ণ আলাপ-আলোচনা এবং প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে ব্যাপক লবিং বা তদবিরের পরিস্থিতিতে বিলটি পাস হলো। এই বাণিজ্য বিল পাস করানোটা প্রেসিডেন্ট বারাক ওবামার অন্যতম অগ্রাধিকার ছিল।
সিনেটে বিলটির পক্ষে ভোট ৬২টি, বিপক্ষে ৩৭টি পড়ে। সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টির অধিকাংশ সিনেটরই পক্ষে ভোট দেন। তবে সিনেটের সংখ্যালঘিষ্ঠ ডেমোক্র্যাট দলেরও ১৪ জন রয়েছেন।
সিনেটে অনুমোদনের পর বিলটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে উত্থাপিত হবে। তবে সেখানে এটি চূড়ান্তভাবে পাস হবে কি হবে না তা নিয়ে সংশয় বা অনিশ্চয়তা রয়েছে। কারণ ডেমোক্র্যাট দল যেমন এটির বিরোধিতা করে আসছে, তেমনি রিপাবলিকান দলেরও অনেকেই বিপক্ষ অবস্থানে আছেন।
আইন অনুযায়ী বিলটির পক্ষে-বিপক্ষে ভোট নিতে পারে কংগ্রেস। তবে এটি সংশোধন বা এ ক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটানো যাবে না। কারণ যুক্তরাষ্ট্রের পক্ষে বাণিজ্য-সংক্রান্ত বেশির ভাগ আন্তর্জাতিক চুক্তির সমঝোতা করে থাকে প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস, যাকে ‘ফাস্ট ট্র্যাক’ বলা হয় (সরকারের সঙ্গে সরকারের আলোচনা)। দ্রুততার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি অনুমোদনের বিষয়ে জোর দিয়েই এই বিল আনা হয়।
বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, ‘সিনেটে দ্বিদলীয় ভোটের মাধ্যমে বিলটি পাস হওয়ায় খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে যুক্তরাষ্ট্রের পক্ষে উচ্চমানসম্পন্ন বাণিজ্যচুক্তির সমঝোতা ও তা সম্পাদনের কাজ ত্বরান্বিত করা সহজ হবে।’
হোয়াইট হাউস থেকে ইস্যু করা ওই বিবৃতিতে ওবামা আরও বলেন, ‘যদি সব কিছু ঠিক থাকে, তাহলে এ ধরনের চুক্তির সুবাদে মধ্যবিত্ত শ্রেণির সামনে সুযোগ বাড়বে এবং সব আমেরিকান শ্রমিকের জন্য সমান সুবিধা নিশ্চিত হবে। একই সঙ্গে বিশ্ব অর্থনীতিতেও আইনি ভিত্তি জোরদার হবে, আমাদের ব্যবসায়-বাণিজ্যের বিকাশ ঘটবে এবং বিশ্ববাজারে আমেরিকায় তৈরি পণ্যের বিক্রি বাড়বে।’
ওহিও রাজ্যের সিনেটর শেরড ব্রাউন ও ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেনের নেতৃত্বে ডেমোক্র্যাট দলের অনেক আইনপ্রণেতাই বিলটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাঁরা সতর্ক করে বলেন, এটি আমেরিকানদের বিদেশে কাজ খোঁজার দিকে ঠেলে দেবে, যেখানে মজুরি যেমন কম তেমনি কাজের পরিবেশও ভালো নয়।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও বিলটির পক্ষে ভোট দেওয়া উভয় দলের সিনেটরদের প্রশংসা করেছেন। তিনি মনে করেন, বিলটি অনুমোদনের ফলে দেশে-বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ সমুন্নত থাকবে ও সুরক্ষা পাবে। সূত্র: সিএনএন