যুক্তরাষ্ট্রে আয়বৈষম্য এখন সর্বোচ্চ
মার্কিন যুক্তরাষ্ট্রে ধনী ও মধ্যবিত্ত পরিবারগুলোর সম্পদের বৈষম্য বেড়েই চলেছে। সম্পদের এ বৈষম্য গত ৩০ বছরের মধ্যে এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
পিউ রিসার্চের প্রতিবেদন বলছে, ২০১৩ সালে মার্কিন ধনী পরিবারগুলোর গড় আয় ছিল ৬ লাখ ৩৯ হাজার ৪০০ ডলার। একই সময়ে মধ্যবিত্ত পরিবারগুলোর গড় আয় ছিল ৯৬ হাজার ৫০০ ডলার। আর নিম্নবিত্ত পরিবারগুলোর সঙ্গে ধনী পরিবারগুলোর আয়ের বৈষম্য গড়ে ৭০ শতাংশ বেশি। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নানা তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করেই প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি।
ধনী ও মধ্যবিত্তের এই আয়বৈষম্যের কারণ হিসেবে পিউ রিসার্চ বলেছে, বৈশ্বিক আর্থিক মন্দার পর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো যেখানে ব্যাপকভাবে সম্পদ হারায়, সেখানে ওই একই সময়ে মার্কিন ধনকুবেরেরা তাদের হারানো সম্পদ উদ্ধার করতে সক্ষম হয়। এটিই ধনী-দরিদ্রের সম্পদের বৈষম্যকে আরও প্রকট করেছে।
পিউ রিসার্চের গবেষণায় আয়ের ভিত্তিতে মার্কিন পরিবারগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার। গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত ৩০ বছরে যুক্তরাষ্ট্রের ধনী পরিবারগুলোর সম্পদের পরিমাণ গড়ে ১০০ শতাংশ বেড়েছে। অন্যদিকে মধ্যবিত্ত পরিবারগুলোর সম্পদ বেড়েছে গড়ে মাত্র ২ দশমিক ৩ শতাংশ। এ পরিসংখ্যানই প্রমাণ করে সম্পদের বৈষম্য কতটা প্রকট মার্কিন যুক্তরাষ্ট্রে।
বিশ্বমন্দা কাটিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পরও প্রত্যাশিত হারে আয় ও মজুরি বৃদ্ধি না পাওয়াকে আয়বৈষম্য বৃদ্ধির আরেকটি বড় কারণ বলে মন্তব্য করেছে পিউ রিসার্চ। সংস্থাটির গবেষণা প্রতিবেদন বলছে, মন্দার পর মার্কিন পুঁজিবাজার ঘুরে দাঁড়ায়। কিন্তু এর সুফল শুধু দেশটির ধনী পরিবারগুলোই ভোগ করেছে। ফলে পুঁজিবাজারে ধনী পরিবারগুলোর আধিপত্য আরও বেড়েছে।
পিউ রিসার্চ বলছে, আর্থিক মন্দা মার্কিন পরিবারগুলোর আয়বৈষম্য সাময়িকভাবে কমালেও মন্দা-পরবর্তী সময়ে ধনী পরিবারগুলো আরও ধনী হয়েছে। আর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো সম্পদ হারিয়ে আরও গরিব হয়েছে। আয়বৈষম্য বৃদ্ধির আরেকটি কারণ হলো, মহামন্দা-পরবর্তী সময়ে অন্যান্য খাতে বিনিয়োগ না করে মধ্যবিত্ত পরিবারগুলো আবাসন খাতে বিনিয়োগেই বেশ মনোযোগী ছিল। কিন্তু আবাসন খাতে বড় ধরনের ধস নামায় তাদের বিনিয়োগ করা টাকা আটকে যায়। ফলে মধ্যবিত্ত পরিবারগুলোর প্রকৃত আয়ও কমে যায়।