যুক্তরাষ্ট্রে এইচ-ওয়ানবি ভিসার আবেদনে কড়াকড়ি
যুক্তরাষ্ট্রে কাজের জন্য সবচেয়ে জনপ্রিয় এইচ-ওয়ানবি ভিসার আবেদনের নিয়ম আরও কড়া করা হয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন প্রযুক্তিশিল্পের জন্য এইচ-ওয়ানবি ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য দেশের প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করা মেধাবীদের মার্কিন প্রতিষ্ঠানগুলো এই ভিসার মাধ্যমেই চুক্তিভিত্তিতে কাজে লাগাতে পারে। বিশেষ করে ভারত ও চীন এই ভিসার ব্যাপক ব্যবহার করে। তবে অনেক দিন ধরেই ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এই ভিসার অপব্যবহার করা হচ্ছে। এই অভিযোগে কয়েকবারই নিয়ম পরিবর্তন করেছে ট্রাম্প প্রশাসন।
প্রতি বছর ৮৫ হাজারের বেশি মানুষকে এইচ-ওয়ানবি ভিসা দেওয়া হয়। চাহিদার তুলনায় বেশি আবেদন জমা পড়ায় লটারির মাধ্যমে এই ৮৫ হাজার ভিসা নির্বাচন করা হয়। এর মধ্যে সাধারণ বিভাগে অর্থাৎ যাঁরা স্নাতক বা সমমানের ডিগ্রি নিয়ে আবেদন করেন, তাঁদের দেওয়া হয় ৬৫ হাজার ভিসা। অন্যদিকে বিশেষ বিভাগে ২০ হাজার ভিসা দেওয়া হয়। এ ধরনের ভিসার জন্য যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হয়।
বর্তমানে এই ভিসা প্রোগ্রামের আওতায় ৫ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মার্কিন শ্রমবিভাগের পরিসংখ্যান অনুসারে, এইচ-ওয়ানবি ভিসাধারীদের দুই-তৃতীয়াংশের বেশি ভারত থেকে এবং ১০ শতাংশের বেশি চীন থেকে আসে।
শ্রম অধিদপ্তর এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) যৌথ ঘোষণায় নতুন যে নিয়মের কথা বলা হয়েছে তাতে ভিসার জন্য যোগ্য ‘বিশেষ পেশা’ সংজ্ঞা সংকুচিত করা হয়েছে। এই ভিসা প্রোগ্রামে তালিকাভুক্ত কর্মীদের নিয়োগ দেওয়া সংস্থাগুলো যে ন্যূনতম মজুরি প্রদান করে তা-ও বাড়ানো হয়েছে। ডিএইচএসের ভারপ্রাপ্ত পরিচালক কেনেথ কুকিনেলি বলেন, মার্কিন সংস্থাগুলো মজুরি কম রাখতে এই ভিসা ব্যবস্থার ফাঁক-ফোকরগুলোর অপব্যবহার করে। নতুন নিয়মে এসব ক্ষেত্রে বিদেশি শ্রমিক নেওয়ার আগে দেশীয় কর্মীদের একটি প্রকৃত অফার দেওয়ার কথা বলা হয়েছে। ৬০ দিনের মধ্যে নতুন এই নিয়ম কার্যকর হতে পারে।
নতুন নিয়মে কোম্পানিগুলো ভালোই বিপাকে পড়বে, যারা এত দিন ধরে বলে এসেছে, দক্ষ মার্কিন কর্মীদের সংকট কাটাতে এ ভিসা দরকার। এর আগে গত এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প এই ভিসা প্রোগ্রামের একটি পর্যালোচনা ঘোষণা করেছিলেন, যাতে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন প্রযুক্তি জায়ান্টরা। পরে জুনে এই ভিসা এই বছরের শেষ পর্যন্ত স্থগিত করা হয়। পরে আগস্টে নতুন নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থাগুলো চাইলেই আর যখন-তখন বিদেশি কর্মীদের নিয়োগ করতে পারবে না। নিষেধাজ্ঞার বিষয়ে ইউএস চেম্বার অব কমার্স এবং অন্য ব্যবসায়িক সংগঠনগুলো মামলাও করে।