যুক্তরাষ্ট্রে কমিউনিস্ট পার্টির সদস্যদের নিষিদ্ধ করাটা হবে বেদনাদায়ক: চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা কমিউনিস্ট পার্টির সদস্যসংখ্যা ৯ কোটি ২০ লাখ। কীভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, তা এখনো অনিশ্চিত। ছবি: এএফপি
চীনা কমিউনিস্ট পার্টির সদস্যসংখ্যা ৯ কোটি ২০ লাখ। কীভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, তা এখনো অনিশ্চিত। ছবি: এএফপি

চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সব সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে বিতর্কিত এই আদেশের একটি খসড়াও তৈরি করা হয়েছে। যদিও এই সিদ্ধান্ত এখনো বাতিলের সুযোগ রয়েছে। প্রতিক্রিয়ায় চীন বলছে, এটি বেদনাদায়ক। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আদেশের খসড়া তৈরি হয়েছে, তবে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বিষয়টি এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আনা হয়নি।

চীনা কমিউনিস্ট পার্টির সদস্যসংখ্যা ৯ কোটি ২০ লাখ। কীভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, তা এখনো অনিশ্চিত। যুক্তরাষ্ট্র ও চীন সম্পর্ক বিভিন্ন ইস্যুতে ক্রমেই সংকটে পড়েছে। চলতি সপ্তাহেই হংকংয়ের ওপর চাপানো চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইনের প্রতিক্রিয়ায় হংকংয়ের বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকারমূলক সুযোগ বন্ধ করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দক্ষিণ চীন সাগরে সেনা মোতায়েন, মুসলিম সংখ্যালঘুদের সঙ্গে দেশটির আচরণ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল বাণিজ্য উদ্বৃত্ত ও সর্বোপরি করোনা মহামারি নিয়ে চীনের ভূমিকার সমালোচনা করেছেন।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রথম এই নিষেধাজ্ঞার বিষয়ে বলা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের চারজন এই আলোচনায় রয়েছেন। এই নিষেধাজ্ঞার ফলে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যরা এবং তাঁদের পরিবারের সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র। সম্ভবত যুক্তরাষ্ট্রে রয়েছেন এমন কিছু চীনা নাগরিককেও বহিষ্কার করা হতে পারে। দেশটির সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন আর্মির কিছু কর্মকর্তাও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ট্রাম্প প্রশাসন দলের সদস্যদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে। তিনি বলেন, ‘যদি এটি সত্য হয় তবে আমি মনে করি এটি একদম বেদনাদায়ক।’ তিনি আরও বলেন, ‘আমরা জানি যে যুক্তরাষ্ট্রের কিছু মানুষ চীনকে দমন করতে হুমকি দিচ্ছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চীন অবশ্যই এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাবে। আমাদের অবশ্যই এর প্রতি প্রতিক্রিয়াশীল পদক্ষেপ নিতে হবে।’