যুক্তরাষ্ট্রে চার বছরের মধ্যে আবার মন্দার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে আগামী চার বছরের মধ্যে আরও একবার ইকোনমিক রিসেশন বা অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। সেই দেশের অর্থনীতিবিদদের ওপর ওয়ালস্ট্রিট জার্নাল-এর পরিচালিত নিয়মিত মাসিক জরিপে এমন অভিমত উঠে এসেছে। অর্থনীতিবিদদের মতে, মন্দার আশঙ্কা ৬০ শতাংশ।
জরিপের ফলাফল ব্যাখ্যা করে ওয়ালস্ট্রিট জার্নাল অবশ্য বলেছে, ‘নতুন মার্কিন প্রেসিডেন্টই অর্থনৈতিক মন্দা সৃষ্টি করবেন—এমনটা অনুমান করা হচ্ছে না।’ কারণ হিসেবে পত্রিকাটির যুক্তি হলো, আমেরিকার অর্থনৈতিক ইতিহাসে কখনোই মন্দা ছাড়া টানা ১০ বছরের বেশি সময় প্রবৃদ্ধি অর্জিত হতে দেখা যায়নি। আগামী চার বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সে রকম ১০ বছরের আরেকটি চক্র পূর্ণ হতে চলেছে। এর ওপর মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিমালায় ভুল ও আন্তর্জাতিক অর্থনীতির অভিঘাত নতুন মন্দার আশঙ্কা জোরালো করে তুলছে।
ওয়ালস্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পরের বছরে অর্থাৎ ২০০৯ সালের জুন থেকে এ পর্যন্ত ৮৮ মাস ধরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। এই সময়টা ১৮৫৪ সালের পরে টানা প্রবৃদ্ধি অর্জনের চতুর্থ দীর্ঘতম সময়।
অর্থনীতিবিদদের মতে, আগামী এক বছরে যুক্তরাষ্ট্রে মন্দা শুরু হওয়ার আশঙ্কা ২০ শতাংশ। এ সময়ে বৈশ্বিক অর্থনীতিতেও মন্দার আশঙ্কা করছেন তাঁরা। সে ক্ষেত্রে মন্দা মোকাবিলা করা নতুন মার্কিন প্রেসিডেন্টের নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে বলে অর্থনীতিবিদেরা মনে করেন।