যুক্তরাষ্ট্রে টানা তিন মাস কর্মসংস্থান বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর বৃহত্তম অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে টানা তিন মাস কর্মসংস্থান বেড়েছে। জুন-জুলাইয়ের ধারাবাহিকতায় সর্বশেষ আগস্ট মাসেও দেশটিতে ১ লাখ ৭৩ হাজার লোকের নতুন কর্মসংস্থান হয়েছে।
কর্মসংস্থান বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে গত জুলাইয়ের তুলনায় আগস্টে বেকারত্ব ৫ দশমিক ৩ শতাংশ থেকে কমে ৫ দশমিক ১ শতাংশে নেমেছে। ২০০৮ সালের এপ্রিলের পর সেই দেশে এটিই বেকারত্বের সর্বনিম্ন হার। দেশটির শ্রম বিভাগ গত শুক্রবার সর্বশেষ এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক ১৬-১৭ সেপ্টেম্বর প্রথম দফায় সুদহার দশমিক ২৫ শতাংশ এবং ডিসেম্বরে আরও দশমিক ৫ শতাংশ বাড়াতে পারে

এদিকে অর্থনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আগস্টে কর্মসংস্থান বাড়লেও তাতে কিন্তু ২ লাখ ১৭ হাজার নতুন চাকরি তৈরির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এর জবাবে শ্রম বিভাগ বলেছে, আগস্টের ওই লক্ষ্যমাত্রা আগেই সংশোধন করা হয়েছে।
তবে কর্মসংস্থান বেড়ে যাওয়ার খবরে নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন পুঁজিবাজারে। পুঁজিবাজারের দুটি প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০ ও ডাউ জোন্স এক দিনে দেড় শতাংশ করে কমেছে। একই সঙ্গে ইউরোপের বড় পুঁজিবাজারগুলোতেও দরপতন অব্যাহত রয়েছে।
নীতিনির্ধারণী সুদহার বাড়ানো হবে কি না—এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ১৬-১৭ সেপ্টেম্বর বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের শীর্ষ কর্মকর্তারা। ২০০৬ সালের পর এই প্রথম সুদহার বাড়ানোর কথা বলছে ফেডারেল রিজার্ভ। এর আগে যুক্তরাষ্ট্রে সর্বশেষ সুদহার বেড়েছিল ২০০৬ সালের জুনে। ওই সময়ে ২৫ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে সুদহার নির্ধারণ করা হয়েছিল ৫ দশমিক ২৫ শতাংশ। এরপর ২০০৮ সালের পর তা কমাতে কমাতে শূন্য থেকে দশমিক ২৫ শতাংশের মধ্যে রাখা হয়।
মনে করা হচ্ছে, ১৬-১৭ সেপ্টেম্বর প্রথম দফায় সুদহার দশমিক ২৫ শতাংশ এবং ডিসেম্বরে আরও দশমিক ৫ শতাংশ বাড়ানো হতে পারে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মূলত দুটি লক্ষ্য সামনে রেখে মুদ্রানীতি পরিচালনা করে থাকে। একটি হচ্ছে সর্বোচ্চ কর্মসংস্থান, অন্যটি হলো স্থিতিশীল মূল্যস্তর।
অর্থনৈতিক বিশ্লেষকেরা বলছেন, অর্থনীতি যখন সর্বোচ্চ কর্মসংস্থানের দিকে যায়, তখন মজুরি বাড়ানোর চাপ তৈরি হয় এবং মূল্যস্ফীতি বাড়তে থাকে। এ ধরনের পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ সাধারণত বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট বা নীতিনির্ধারণী সুদহার বাড়িয়ে দেয়। তবে বিশ্ব অর্থনীতির বর্তমান টালমাটাল অবস্থা ও পুঁজিবাজারের অব্যাহত দরপতনে ফেডারেল রিজার্ভ এখনই সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নেবে কি না সেটি নিয়ে মার্কিন অর্থনীতিবিদেরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
অর্থনীতিবিদ পল অ্যাশওয়ার্থ বিবিসিকে বলেন, কর্মসংস্থানের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা ফেডের সিদ্ধান্ত গ্রহণকে দুভাবে প্রভাবিত করতে পারে। এর ফলে ফেড সুদহার বাড়াতেও পারে, আবার না-ও পারে।
বেসরকারি আইএনজি ব্যাংকের বিশ্লেষক রব কার্নেল মনে করেন, চলতি সেপ্টেম্বরেই সুদহার বাড়ানোর মতো শক্তিশালী অবস্থানে নেই ফেড। সাম্প্রতিক সময়ে অর্থনীতি ও পুঁজিবাজারে যে অস্থির অবস্থা দেখা দিয়েছে, সেটি বিবেচনায় নিলে ফেড সুদহার বাড়ানোর সিদ্ধান্তে আরও বেশি সময় নিতেই পারে। সূত্র: বিবিসি