কোভিড সংক্রমণ
যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে বিপুল ছাঁটাই
গ্রীষ্মে চূড়ান্ত লকডাউনের সময় যে দুই কোটি মার্কিন নাগরিক কাজ হারিয়েছিলেন, তার প্রায় অর্ধেক শীতের আগে আগে কাজ ফিরে পেয়েছেন।
কোভিডের মধ্যেও যুক্তরাষ্ট্রে এত দিন কাজের অভাব হয়নি। প্রতি মাসেই নতুন কর্মসংস্থান হয়েছে। কিন্তু গত মাসে, অর্থাৎ ডিসেম্বরে দেশটির বিপুলসংখ্যক মানুষ কাজ হারিয়েছেন। ১ লাখ ৪০ হাজার কর্মী ছাঁটাই হয়েছেন এ সময়। তবে এতে বেকারত্বের হার বাড়েনি। ৬ দশমিক ৭ শতাংশে স্থির আছে।
একদিকে শীত বাড়ছে, অন্যদিকে অনেক জায়গায় নতুন নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। মানুষ বাইরে যাওয়া কমিয়ে দিয়েছে। এর জেরে রেস্তোরাঁ ও বারে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, এই চিত্র থেকে বোঝা যায়, মহামারির পর অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া গতি পাচ্ছে না। গ্রীষ্মে চূড়ান্ত লকডাউনের সময় যে দুই কোটি মার্কিন নাগরিক কাজ হারিয়েছিলেন, তার প্রায় অর্ধেক শীতের আগে আগে কাজ ফিরে পেয়েছেন। এখন ১ কোটি ১০ লাখের বেশি মানুষ কাজের বাইরে আছেন। আরও প্রায় ৭০ লাখ মানুষ কাজ খুঁজছেন। কিন্তু তাঁরা কাজ খোঁজা বন্ধ করে দিয়েছেন বা অন্যান্য কারণে শ্রমবাজারে নেই। দেশটির শ্রম মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বিবিসি ও সিএনএন সূত্রে এই খবর পাওয়া গেছে।
এর আগে অক্টোবর ও নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রত্যাশাতীত কর্মসংস্থান হয়েছিল। এতে ডিসেম্বর মাসে এই ছাঁটাইয়ের প্রভাব কিছুটা হলেও প্রশমিত হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানা যাচ্ছে, টিকা অনুমোদনের পরও ভোক্তা ব্যয় ও আস্থা হ্রাস পেয়েছে, যদিও বিশ্লেষকেরা বলছেন, টিকাদান শুরুর পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।
এমপ্লয় আমেরিকার জ্যেষ্ঠ উপদেষ্টা এলিজাবেথ পানকোটি বিবিসিকে বলেন, এটা অর্থনৈতিক পুনরুদ্ধারের চিত্র নয়। তবে অর্থনীতিবিদেরা বলছেন, ডিসেম্বরে ধারণার চেয়ে বেশি ছাঁটাই হলেও তা অর্থনৈতিক দুর্বলতার পূর্ণাঙ্গ চিত্র দেয় না। হোটেল, রেস্তোরাঁ ব্যতীত অন্যান্য খাতে কর্মসংস্থান হচ্ছে। ফলে ২০২১ সালে অর্থনীতি আরও গতি নিয়ে শুরু হবে।
এদিকে কয়েক মাসের আলোচনার পর যুক্তরাষ্ট্র ডিসেম্বর মাসে ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এই ঘোষণায় বেকার ভাতা ও ক্ষুদ্র ব৵বসায় বেশি প্রণোদনা দেওয়ার কথা আছে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছেন, ক্ষমতা অধিগ্রহণ করে তিনি আরও বেশি কিছু করতে চান। তাঁর দল রাজ্য ও স্থানীয় পরিসরে আরও বেশি সহায়তা দিতে চায়। নতুন প্রণোদনা প্যাকেজও দিতে চায়। তবে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় আগামী কয়েক মাসে কর্মসংস্থানের চিত্র তেমন একটা ভালো হবে বলে মনে করেন না বিশ্লেষকেরা।