যুক্তরাষ্ট্রে নীতিনির্ধারণী সুদ হার বাড়ানোর ইঙ্গিত
আগামী সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে নীতিনির্ধারণী সুদ হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) প্রধান জ্যানেট ইয়েলেন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের এক সম্মেলনে সম্প্রতি তিনি এমন আভাস দিয়েছেন।
জ্যানেট ইয়েলেন বলেন, তথ্য-উপাত্ত বিবেচনা করে পরবর্তী নীতিনির্ধারণী সভায় সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সুদের হার বাড়ানো যথাযথ হবে।
প্রায় এক দশক পর গত বছরের ডিসেম্বরে নীতিনির্ধারণী সুদ হার বাড়ায় ফেড। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মূল্যস্ফীতি কম হওয়ায় ও কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় অর্থনীতিবিদেরা সুদ হার বাড়ানোর প্রতি সমর্থন দিয়েছেন।
রিজার্ভ ব্যাংকের মতে, সুদের হার বাড়ানো নির্ভর করে মূল্যস্ফীতির ওপর। ব্যাংকটি পরবর্তী কয়েক বছরের জন্য মূল্যস্ফীতির হার ২ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।