যুক্তরাষ্ট্রে ফের সুদের হার বাড়ল

চলতি বছরে দ্বিতীয়বারের মতো নীতিনির্ধারণী সুদের হার বাড়ানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। গতকাল বুধবার দ্বিতীয় দফায় শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়ানো হচ্ছে সুদের হার। ১ শতাংশ থেকে করা হচ্ছে ১ দশমিক ২৫ শতাংশ। ২০০৮ সালের পর এটি সর্বোচ্চ সুদহার।
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শ্রমবাজার শক্তিশালী অবস্থানে থাকায় সুদের হার আবার বাড়ানোর সিদ্ধান্ত নিল ফেডারেল রিজার্ভ। অবশ্য চলতি বছরে তিন ধাপে সুদের হার বাড়ানোর পরিকল্পনা আছে বলে আগেই জানানো হয় ফেডের পক্ষ থেকে।
ফেড-প্রধান জ্যানেট ইয়েলেন বলেছেন, ‘আমাদের সিদ্ধান্ত...অর্থনৈতিক যে অগ্রগতি হয়েছে, তার প্রতিফলন ঘটানো।’
গত মার্চে সব জল্পনার অবসান ঘটিয়ে সুদের হার বাড়ায় ফেডারেল রিজার্ভ ব্যাংক। ওই সময় নীতিনির্ধারণী সুদের হার শূন্য দশমিক ২৫ বাড়ানোর ঘোষণা দেন কেন্দ্রীয় এই ব্যাংকের প্রধান জ্যানেট ইয়েলেন। সুদের হার বাড়িয়ে শূন্য দশমিক ৭৫ থেকে ১ শতাংশ করা হয়।
যে হারে ব্যাংকগুলোকে ধার দেওয়া হয়, তাকে ‘ফেডারেল ফান্ডস রেট’ বা ‘নীতিনির্ধারণী সুদহার’ বলা হয়।