যুক্তরাষ্ট্রে বেকারত্ব কমে ১০ বছরে সর্বনিম্ন অবস্থায়
যুক্তরাষ্ট্রে গত ফেব্রুয়ারি মাসে বেকারত্বের হার ৪ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। ২০০৭ সালের মে মাসের পরে এটি দেশটিতে বেকারত্বের সর্বনিম্ন হার।
তবে যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারিতে প্রত্যাশার চেয়ে কম কর্মসংস্থান হয়েছে। এই মাসে অর্থনীতিবিদেরা মোট ১ লাখ ৮০ হাজার লোকের কর্মসংস্থান প্রত্যাশা করলেও হয়েছে ৯৮ হাজার।
বেকারত্বের হার ৫ শতাংশের নিচে থাকলে সেটাকে অর্থনীতিতে ‘পূর্ণ কর্মসংস্থানের পরিস্থিতি’ বলে গণ্য করা হয়।
যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রবৃদ্ধির প্রবণতা রাখতে বর্তমানে মাসে ৭৫ হাজার থেকে ১ লাখ লোকের কর্মসংস্থান হওয়া প্রয়োজন।
জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে যুক্তরাষ্ট্রে দুই লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। কিন্তু দেশটির পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের কারণে মার্চে বেকারত্ব কম হয়েছে বলে মনে করা হচ্ছে।
অ্যামেরিপ্রাইজ ফিন্যান্সিয়াল সার্ভিসেসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রাসেল প্রাইস বলেন, সম্ভবত বিরূপ আবহাওয়ার কারণে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত যে উপাত্ত পাওয়া গেছে সেটাকে ভালোই বলা যায়।