যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার সাত বছরের মধ্যে সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রে গত এপ্রিল মাসে মোট নতুন ২ লাখ ২৩ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে; যা আগের মাসের চেয়ে আড়াই গুণ বেশি।
এর ফলে দেশটিতে বেকারত্বের হার আগের মাসের ৫ দশমিক ৫ শতাংশ থেকে কমে ৫ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে গত সাত বছরে এটিই হলো বেকারত্বের সর্বনিম্ন হার। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের এক প্রতিবেদনে এমন আশাবাদের তথ্য প্রকাশ করা হয়েছে; যেটাকে বিনিয়োগকারীরা স্বাগত জানিয়েছেন। আবার অনেকেই এটাকে মার্কিন অর্থনীতি সত্যিকার অর্থেই জোরদার হয়ে ওঠার লক্ষণ বলে মনে করেন।
পাশাপাশি শেয়ারবাজারও কিছুটা চাঙা হয়ে উঠেছে। শুক্রবার ডাউ জোন্স সূচক এক লাফে ২৬৭ পয়েন্ট বা দেড় শতাংশ বেড়ে ১৮ হাজার ১৯১ পয়েন্টে উঠেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ১১৬ পয়েন্টে উন্নীত হয়েছে। আর নাসড্যাক সূচক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩ পয়েন্ট।
এর আগে মার্চ মাসে দেশটিতে মোট কর্মসংস্থান হয়েছিল ৮৫ হাজার মানুষের। ওই মাসে কর্মসংস্থান কম হওয়ার জন্য দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রচণ্ড শীতের প্রকোপকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা।
এপ্রিলে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি আরেকটি সুখবরও রয়েছে। সেটি হলো কর্মীদের ঘণ্টাপ্রতি মজুরি আগের বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। অনেকেই আবার এটাকে প্রত্যাশার চেয়ে কম বলে মনে করেন। তবে এতে যুক্তরাষ্ট্রে ভোক্তা-ব্যয় বাড়বে এবং দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে। কারণ, মার্কিন অর্থনীতির অন্যতম প্রধান নিয়ামক বা চালিকাশক্তি হলো ভোক্তা-ব্যয়।
যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দিন দিন গতিময়তা জোরদার হতে থাকায় বিনিয়োগকারীরাও সেদিকে এখন নজর রাখছেন।
এদিকে অর্থনীতিতে বর্তমান গতিময়তা অব্যাহত থাকলে চলতি বছরের শেষ দিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতিনির্ধারণী সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে এখন নীতিনির্ধারণী সুদের হার প্রায় শূন্যের কোঠায় রয়েছে।
সূত্র: বিবিসি