যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল-জুন মেয়াদে ঘুড়ে দাঁড়িয়েছে মার্কিন অর্থনীতি। এ সময় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬ শতাংশ। এই সময়ের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ দশমিক ২ শতাংশ। বিশ্লেষকেরা মনে করছেন, প্রবৃদ্ধির এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে বছর শেষে প্রবৃদ্ধি আরও বাড়বে।
প্রাথমিকভাবে প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে খারাপ আবহাওয়ার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হয়ে আসায় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছিল।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা মনে করছেন, এভাবে চলতে থাকলে গড়ে ৩ শতাংশ হারে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা তাঁরা ঠিক করেছেন, তা অর্জন করা সম্ভব হবে।
ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের মার্কিন অর্থনৈতিক বিশ্লেষক জোসেফ লেক বলেন, ২০১১ সালের পর এটি দ্রুততম প্রান্তিক প্রবৃদ্ধি। এতে প্রমাণিত হয়েছে আবহাওয়ার কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের খারাপ সময় কাটিয়ে উঠতে পেরেছে মার্কিন অর্থনীতি।
এই প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিনিয়োগ খাত। এই খাতের অবদান ২০ শতাংশ। এ সময়ে রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশ। প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষিত স্বাস্থ্যনীতির কারণে স্বাস্থ্য খাতেও এ সময় ভালো প্রবৃদ্ধি হয়েছে।
দ্বিতীয় প্রান্তিকে ইতিবাচক প্রবৃদ্ধি হলেও প্রথম প্রান্তিকে ২ দশমিক ১ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধির কারণে বছর শেষে প্রবৃদ্ধির চিত্র খুব একটা আশাব্যঞ্জক হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। জোসেফ লেক আরও বলেন, ‘আমরা আশা করছি বছরের দ্বিতীয়ার্ধে গড় প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ। সেটি অর্জিত হলে বছরজুড়ে ২ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।’
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস