যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১৪ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এসে আবার কমেছে। করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর-পরবর্তী মুনাফার পরিমাণ কমে যাওয়াকেই প্রবৃদ্ধি কমার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এ ছাড়া বিশ্বের অন্যান্য প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের মূল্য বেড়ে যাওয়াকেও প্রবৃদ্ধি কমার আরেকটি বড় অনুঘটক বলে মনে করা হচ্ছে।
আলোচ্য প্রান্তিকে দেশটিতে বার্ষিক হিসাবে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২ শতাংশ। মার্কিন বাণিজ্য বিভাগ গত শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে। গত মাসেও সরকার একই হারে প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস দিয়েছিল। অবশ্য বিশেষজ্ঞরা আলোচ্য সময়ে জিডিপির প্রবৃদ্ধি ২ দশমিক ৪ শতাংশ হতে পারে এমন পূর্বাভাস দিয়েছিলেন।
অর্থনীতি বিশ্লেষকেরা বলছেন, আলোচ্য অক্টোবর-ডিসেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয় বাড়লেও বিনিয়োগ কর্মকাণ্ড তেমন গতি পায়নি, এ জন্য প্রবৃদ্ধি কম হয়েছে। তবে ২০১৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মার্কিন অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়েছিল ৫ শতাংশ।
এদিকে গত বছরের চতুর্থ প্রান্তিকে মার্কিন করপোরেট প্রতিষ্ঠানগুলোর মুনাফার প্রবৃদ্ধি কমে ১ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। তৃতীয় প্রান্তিকে এই হার ছিল ৪ দশমিক ৭ শতাংশ। বিদেশে অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাইরে করপোরেট প্রতিষ্ঠানগুলোর মুনাফায় প্রবৃদ্ধি কমেছে ৮ দশমিক ৮ শতাংশ। ২০০৭ থেকে ২০০৯ সালে অর্থনৈতিক মন্দার সময়ও এমনটা হয়নি।
বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নিউইয়র্কের অর্থনীতিবিদ থমাস কোস্টার্গ এ প্রসঙ্গে বলেন, মুনাফা অর্জনে ধীরগতির প্রবৃদ্ধির অর্থ হলো আগামী কয়েক মাসে বিনিয়োগ প্রবৃদ্ধিও কমে আসবে।
আইবিএম, ইন্টেলের মতো মার্কিন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি গৃহসজ্জার সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বলছে, ডলারের উচ্চ বিনিময়মূল্য তাঁদের মুনাফা কমাবে। ২০১৪ সালের জুন থেকে ডিসেম্বর সময়ে মার্কিন ডলারের বিনিময়মূল্য বেড়েছে ৭ দশমিক ৮ শতাংশ। ২০১৪ সালে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর গড় বার্ষিক মুনাফা কমেছে ৮ দশমিক ৩ শতাংশ; যা ২০০৮ সালের পর সর্বোচ্চ মুনাফা হ্রাস। তবে প্রবৃদ্ধি কমে যাওয়ার এ প্রভাব এখনো মার্কিন পুঁজিবাজারে তেমনভাবে পড়েনি।
মার্কিন অর্থনীতি নিয়ে পৃথক আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চে দেশটির ভোক্তা আস্থা সূচক কমে ৯৩ পয়েন্টে নেমেছে। আগের মাস ফেব্রুয়ারিতে এই হার ছিল ৯৫ দশমিক ৪ পয়েন্ট। সূত্র: রয়টার্স।