যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি প্রাথমিক ধারণার চেয়ে বেশি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাথমিক ধারণার চেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে দেশটিতে বার্ষিক হিসাবে জিডিপি প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ২ শতাংশে।

এর আগে প্রাথমিকভাবে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল শূন্য দশমিক ৭ শতাংশ। মূলত ব্যবসায়িক কর্মকাণ্ড ও ভোক্তা ব্যয় পর্যালোচনা করার ফলে প্রবৃদ্ধির হার বেড়ে যায়।

তবে প্রবৃদ্ধির দুটো হিসাবই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির চেয়ে অনেক কম। গত বছরে তাঁর নির্বাচনী প্রচারকালে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে ৪ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপিতে প্রবৃদ্ধি হয়েছিল ২ দশমিক ১ শতাংশ।

এ বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে ভোক্তা ব্যয় প্রাথমিক প্রাক্কলনের শূন্য দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে চূড়ান্ত হিসাবে শূন্য দশমিক ৬ শতাংশে উঠেছে। তবু তা ২০০৯ সালের পর সর্বনিম্ন।

ম্যাক্রোইকোনমিক অ্যাডভাইজরসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বেন হারজন বলেন, প্রাথমিক প্রাক্কলনের চেয়ে চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি বাড়লেও তা বেশ দুর্বল।

এদিকে যুক্তরাষ্ট্রের এ বছরের প্রথম প্রান্তিকের জিডিপিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে আগামী বৈঠকে নীতিনির্ধারণী সুদের হার বাড়ানোর বিষয়ে উৎসাহিত করতে পারে। ফেডের পরবর্তী বৈঠক হবে আগামী জুন মাসে।

গোল্ডম্যান স্যাকসের এক গবেষণা প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধিকে ‘ব্যাপক হতাশার’ বলে উল্লেখ করা হয়েছে।