যুক্তরাষ্ট্রের মানুষ কেনাকাটায় আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মানুষ নাকি আর ঘরে বসে থাকতে চাইছে না। ঘর থেকে বেরিয়ে কেনাকাটা করার জন্য মুখিয়ে আছে তারা। ওয়ালমার্টের প্রধান নির্বাহী সম্প্রতি এ কথা বলেছেন। ওয়ালমার্টের প্রধান নির্বাহী ডৌগ ম্যাকমিলান বলেছেন, ‘বছরের শুরুর তুলনায় সম্প্রতি আমাদের আত্মবিশ্বাস বেড়েছে।’

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি-এপ্রিল সময়ে যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রি বেড়েছে ৬ শতাংশ। তবে এ তালিকায় নেই পেট্রল।

ওয়ালমার্টের ভাষ্যমতে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর নতুন যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, তাতে মার্কিনদের ক্রয়ক্ষমতা বেড়েছে। এবার দেশটির নাগরিকেরা ১ হাজার ৪০০ ডলারের চেক পেয়েছেন। তাঁদের হাতে কেনাকাটা করার মতো যথেষ্ট টাকা আছে। এ জন্য খাদ্য ছাড়া অন্যান্য পণ্যের বিক্রি বেড়েছে। ওয়ালমার্টের তথ্যমতে, জামাকাপড়, ইলেকট্রনিকস ও খেলনাসামগ্রীর বিক্রি বেড়েছে ২০ শতাংশের বেশি।

ওয়ালমার্ট মনে করছে, মার্কিনদের এই পুঞ্জীভূত চাহিদা মেটানোর প্রয়াস বছরজুড়েই দেখা যাবে।

এ পরিস্থিতিতে মুনাফার হিসাব-নিকাশ শুরু করে দিয়েছে ওয়ালমার্ট। তাদের হিসাব, এ বছর তাদের প্রায় দুই অঙ্কের ঘরে প্রবৃদ্ধি হবে। একই সঙ্গে ম্যাকমিলানের কণ্ঠে সতর্কতার সুরও শোনা গেছে। তাঁরা মনে করছেন, প্রণোদনা প্যাকেজের প্রভাব আছে ঠিক, কিন্তু বছরের দ্বিতীয় ভাগে যথেষ্ট অনিশ্চয়তাও থাকবে।

তবে বছরের প্রথম প্রান্তিকে ওয়ালমার্টের মুনাফা কমেছে প্রায় ৩২ শতাংশ। এই সময়ে তাদের মুনাফা হয়েছে ২৭০ কোটি ডলার। যুক্তরাজ্য, জাপান ও আর্জেন্টিনায় ব্যবসা খারাপ হওয়ার কারণে মুনাফা কমেছে তাদের।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় অনলাইন বিক্রিও কমতে শুরু করেছে। এপ্রিল মাসে অনলাইন বিক্রির প্রবৃদ্ধি হয়েছে ৩৭ শতাংশ। অথচ গত বছরের এপ্রিলে প্রবৃদ্ধি হয়েছিল ৭৪ শতাংশ। তখন অবশ্য লকডাউন চলছিল। মানুষ ঘর থেকে বেরোতে পারত না। তাই হঠাৎ অনলাইন বিক্রির পরিমাণ বেড়ে গিয়েছিল।

ওয়ালমার্ট আরও জানিয়েছে, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে ক্রেতাদের আগমন হঠাৎই বেড়ে গেছে। গত এক বছরে এমনটা দেখা যায়নি। এর অর্থ হচ্ছে, দুই ডোজ টিকাপ্রাপ্ত মানুষেরা এখন অনেকটা স্বাধীনভাবে ঘোরাফেরা শুরু করেছেন। দেশটির সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিভাগ সম্প্রতি মাস্ক ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। তারা বলেছে, দুই ডোজ টিকাপ্রাপ্ত মানুষেরা এখন মাস্ক ছাড়াই রাস্তায় হাঁটতে পারবেন, যদি ভিড় না থাকে। তবে ভিড়ের মধ্যে গেলে মাস্ক পরে যেতে হবে।

অনলাইন বিক্রি বৃদ্ধিতে ওয়ালমার্ট এখনো অনেক কাঠখড় পুড়িয়ে যাচ্ছে। এক দিনে সরবরাহসহ পোশাকের ভার্চ্যুয়াল ট্রায়ালের ব্যবস্থাও করেছে তারা। লক্ষ্য, আমাজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা।