
অবশেষে পাঁচ-ছয় বছরের মন্দা কাটিয়ে যুক্তরাজ্যের অর্থনীতি বেশ ঘুরে দাঁড়িয়েছে।
একই সঙ্গে দেশটি প্রথমবারের মতো চ্যারিটি বা দাতব্য কার্যক্রম, অবৈধ মাদক ও পতিতাবৃত্তি বা যৌনশিল্প ইত্যাদি খাতের অবদান জিডিপিতে অন্তর্ভুক্ত করেছে। এতে প্রবৃদ্ধির হার বেড়েছে।
যুক্তরাজ্য ২০০৮ সালে অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার আগের ১১ বছর ও পরের চার বছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব সংশোধন করে প্রবৃদ্ধি অর্জনের নতুন উপাত্ত প্রকাশ করেছে। এতে বলা হয়, আলোচ্য সময়ে জিডিপির প্রবৃদ্ধি বছরপ্রতি গড়ে শূন্য দশমিক ১ শতাংশীয় পয়েন্ট বেশি হয়েছে।
দেশটির অফিস অব দ্য ন্যাশনাল স্ট্যাটিসটিকস বা জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ওএনএস) গত বুধবার এই উপাত্ত প্রকাশ করেছে।
ওএনএস বলেছে, যুক্তরাজ্যে গত ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকের দিকেই মন্দা কেটে গেছে। এর আগে বলা হয়েছিল, ২০১৪ সালের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ প্রথম ছয় মাস পর্যন্ত মন্দা অব্যাহত থাকবে।
সংশোধিত প্রাক্কলন বা হিসাবে বলা হয়েছে, ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত অর্থনীতির আকার বছরে ৪ শতাংশ বা পাঁচ হাজার কোটি পাউন্ড করে বেড়েছে; যা প্রত্যাশার চেয়ে বেশি।
ওএনএসের প্রধান অর্থনীতিবিদ জো গ্রাইস বলেন, নতুন প্রাক্কলন বা সংশোধিত হিসাবে জিডিপি প্রবৃদ্ধিতে উন্নতি ঘটলেও সার্বিকভাবে অর্থনীতিতে খুব বেশি পরিবর্তন আসেনি। তিনি আরও বলেন, মন্দার সময়ে অর্থনীতি যে হারে সংকুচিত হবে বলে এর আগে প্রাক্কলন করা হয়েছিল, শেষ পর্যন্ত তার চেয়ে কম হয়েছে। বদৌলতে প্রবৃদ্ধি জোরদার হয়ে উঠেছে।
এবারে যুক্তরাজ্যের জিডিপি প্রাক্কলন বা হিসাব করার পদ্ধতি পরিবর্তন করার ফলে তা আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে। এতে প্রথমবারের মতো চ্যারিটি বা দাতব্য কার্যক্রম, অবৈধ মাদক ও পতিতাবৃত্তি বা যৌন ব্যবসা ইত্যাদি খাতের অবদান যোগ হয়েছে।
সরকারি সংস্থাটির উপাত্ত অনুযায়ী ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত পতিতাবৃত্তি বা যৌন ব্যবসা ও অবৈধ মাদক খাত থেকে মোট ১৪ হাজার ১৭০ কোটি পাউন্ড যোগ হয়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতে।
একই সময়ে অবশ্য জিডিপিতে গবেষণা ও উন্নয়ন খাতের ২৯ হাজার ৪০০ কোটি পাউন্ড আয় যোগ হয়েছে। পাশাপাশি দাতব্য ও অলাভজনক কার্যক্রম থেকে জিডিপিতে এসেছে ১৯ হাজার কোটি পাউন্ড।
যুক্তরাজ্যের নতুন মুদ্রানীতি ঘোষণার প্রাক্কালে এই উপাত্ত প্রকাশ পেল। এতে মুদ্রানীতি কমিটির অন্তত দুজন সদস্য নীতিনির্ধারণী সুদহার বাড়ানোর পক্ষে অবস্থান নিতে চান। যা-ই হোক, অর্থনীতি ঘুরে দাঁড়ানোটা নিঃসন্দেহে অর্থমন্ত্রীর জন্য স্বস্তিদায়ক সুখবর বটে।
বিরোধী দল লেবার পার্টির ছায়া অর্থমন্ত্রী (শ্যাডো ফিন্যান্স মিনিস্টার) ক্রিস লেসলি এমপি অবশ্য অর্থমন্ত্রীর মতো ততটা খুশি নন। তাঁর মতে, জিডিপির হিসাব প্রাক্কলনের পদ্ধতি পরিবর্তন করলেই মানুষের পারিবারিক পর্যায়ের আয়ে কোনো পরিবর্তন হয় না। আর অর্থনীতি ঘুরে দাঁড়ালেও তা এখনো ধীরগতিতেই চলছে।
লেসলি আরও বলেন, শ্রমজীবী মানুষেরা মন্ত্রীদের আত্মতুষ্টিপূর্ণ বক্তব্য শুনতে চায় না। তারা এখনো জীবনযাত্রার ব্যয় নিয়ে যেভাবে হিমশিম খাচ্ছে, তা থেকে উত্তরণের পরিকল্পনা আশা করছে।
সূত্র: বিবিসি ও ফিন্যান্সিয়াল টাইমস