চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বিদেশে বাংলাদেশের ৩৫টি মিশন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে। তবে হাগ, স্টকহোম, ক্যানবেরা, আম্মানসহ ১৮টি মিশন তাদের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) তথ্যানুযায়ী, আলোচ্য সময়ে মিশনগুলো থেকে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় হয়েছে ৫১৪ কোটি ২২ লাখ মার্কিন ডলার। এটি ৫৬৬ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৯ শতাংশ কম। তবে তা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২ শতাংশ বেশি।
ইপিবির দেওয়া তথ্যমতে, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ মিশনগুলোর মধ্যে ১৬টি গত অর্থবছরের একই সময়ের চেয়ে কম রপ্তানি আয় করেছে। সব মিলিয়ে এই ৩৫ মিশন থেকে ৪২৮ কোটি ৭৬ লাখ ডলার আয় হয়েছে। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ১৩ শতাংশ কম এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে মাত্র শূন্য দশমিক ৩৯ শতাংশ বেশি।
অন্যদিকে লক্ষ্যমাত্রা অর্জনকারী ১৮টি মিশন থেকে ৭৪ কোটি ডলার আয় হয়েছে। এই আয় ৭০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৩৩ শতাংশ বেশি। এ ছাড়া এই আয় গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বার্লিন মিশন থেকে সর্বোচ্চ ৯৩ কোটি ৬৫ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে। তবে এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭ শতাংশ কম। দ্বিতীয় সর্বোচ্চ ওয়াশিংটন মিশন থেকে ৯০ কোটি ৩৭ লাখ ডলার আয় করেছে। আর তৃতীয় সর্বোচ্চ লন্ডন মিশন থেকে আয় করেছে ৫৪ কোটি ডলার।
গত অর্থবছরে মিশনগুলোর রপ্তানি আয় হয়েছিল তিন হাজার ১৭ কোটি ডলার। সেখানে এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩২০ কোটি ডলার।
এদিকে দেশের ১৭টি বৈদেশিক মিশনের বাণিজ্যিক শাখার (উইং) মধ্যে মাত্র তিনটি আলোচ্য সময়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। তবে ১৪টি বাণিজ্যিক শাখা অর্জনে ব্যর্থ।