রাশিয়ায় অর্থনৈতিক ফোরাম আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা ও অর্থনৈতিক উন্নয়নের নতুন রূপকল্প তৈরির সম্ভাব্যতা যাচাই নিয়ে আজ বৃহস্পতিবার থেকে রাশিয়ায় শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম। ফিনল্যান্ড উপসাগরের কোল ঘেঁষে অবস্থিত সেন্ট পিটার্সবার্গ নগরীর এক্সপো ফোরাম প্রদর্শনী কেন্দ্রে রুশ সরকার ও রসকনগ্রেস ফাউন্ডেশন যৌথভাবে এ ফোরামের আয়োজন করেছে। সাম্প্রতিক সময়ে বিশ্ব অর্থনীতি ও বাণিজ্য খাতে বিদ্যমান সংকট নিরসনে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারের নীতিনির্ধারক ও গবেষক প্রতিনিধিদের জন্য একটি গঠনমূলক আন্তর্জাতিক সংলাপের মঞ্চ হিসেবে ইতিমধ্যে বহির্বিশ্বে পরিচিতি লাভ করেছে সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরাম।
মঙ্গলবার দুপুরে ফোরাম আয়োজক কমিটির এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে মূল বক্তব্য দেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ও ফোরাম আয়োজক কমিটির প্রধান সের্গেই প্রিখোদকা।
১৬ থেকে ১৮ জুন পর্যন্ত অনুষ্ঠেয় সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের উদ্বোধন করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন, ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ ইয়োঙ্কা, কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ ও অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর রাইনখোলদা মিত্তেরলেনের ফোরামের উদ্বোধনপর্বে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
চলতি বছরে ফোরামের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজনজুড়ে থাকছে বিভিন্ন কর্মসূচি। ফোরাম আয়োজনে ব্যয় করা হয়েছে প্রায় সাড়ে ২৭ মিলিয়ন মার্কিন ডলার। গাসপ্রমের অর্থায়নে বিশাল এলাকা নিয়ে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক মানের সম্মেলনকেন্দ্র। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলমান থাকলেও ৬২টি দেশের দুই শতাধিক বিদেশি ও রুশ কোম্পানির পাঁচ শতাধিক শীর্ষ কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিনিধি, উদ্যোক্তা ও ব্যবসায়ী এই ফোরামে অংশ নেবেন। এ বছরের সেন্ট পিটার্সবার্গ ফোরাম রাশিয়া-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থনৈতিক সম্পর্ক পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিভিন্ন দেশের অর্থনীতিবিদেরা।
আয়োজক সূত্রে জানা যায়, বিগত বছরগুলোর মতো এবারও বিশ্ব অর্থনীতির পাশাপাশি রুশ অর্থনীতি উন্নয়নের পথে প্রধান চ্যালেঞ্জ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সম্প্রসারণ, বৈদেশিক সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন এবং মানব উন্নয়নের কৌশল নিয়ে ফোরামে আলোচনা করা হবে।
প্রসঙ্গত, বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরাম অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালে। রাষ্ট্রীয় সহযোগিতায় ২০০৬ সাল থেকে প্রতিবছর এই ফোরাম অনুষ্ঠিত হয়ে আসছে। এসভের ব্যাংক, রাশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, রসনেফত, গাসপ্রম এবং ভেটেবে ব্যাংক যৌথভাবে এই আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের পৃষ্ঠপোষকতা করছে।