রাশিয়ায় আলু রপ্তানিতে ধাক্কা
ক্ষতিকর ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়ায় বাংলাদেশ থেকে আলু আমদানিতে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ৬ মে থেকেই এটি কার্যকর হয়েছে।
রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভিল্যান্স এই নিষেধাজ্ঞা আরোপ করে।
গত বছর বাংলাদেশ থেকে রপ্তানি করা আলুতে ব্রাউন ড্রাউট নামের একধরনের ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আলু রপ্তানির বিষয়ে একটি কর্মপরিকল্পনা জমা দিতে বলে রাশিয়া। আলু রপ্তানির আগে পরীক্ষা-নিরীক্ষা এবং উৎপাদনপ্রক্রিয়া যাচাইয়ের তথ্যও জানতে চায় দেশটি।
এসব দেখতেই গত ৭ এপ্রিল রাশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। তারা দেশে ফিরে যাওয়ার মাস খানেক পরই আলু রপ্তানির ওপর এই নিষেধাজ্ঞা এল। নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে ঢাকায় রাশিয়ার দূতাবাস থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ শাখা ৭ মে চিঠি দিয়ে কৃষি মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে।
অবশ্য নিষেধাজ্ঞা আরোপের আগে যেসব আলু জাহাজীকরণ করা হয়েছে সেগুলো রাশিয়ার বাজারে প্রবেশ করতে পারবে। তবে পরীক্ষাগারে পরীক্ষার পরই তা ঢুকতে পারবে বলেও চিঠিতে জানানো হয়েছে।
দেশের উদ্বৃত্ত আলু রপ্তানির জন্য রাশিয়াকে সম্ভাবনাময় বাজার হিসেবে মনে করছিল কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়। তবে নিষেধাজ্ঞার কারণে দেশটিতে আলু রপ্তানি বড় ধরনের ধাক্কা খেল বলে মনে করছেন রপ্তানিকারকেরা।
নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি স্বীকার করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক। তবে তিনি বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত মাসে রাশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ ঘুরে গেছে। তারা সন্তুষ্ট। আলু নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। তবে ইউরোপের দেশগুলো যে মানের আলু চায় আমাদের আলুর মান তার চেয়ে একটু কম। তারা মান উন্নত করার জন্যই মূলত সময় দিয়েছে। সে কারণেই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে।’
কৃষি মন্ত্রণালয় বলছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার টন আলু রপ্তানি হয়েছে। এর মধ্যে রাশিয়ায় রপ্তানি হয়েছে ১৪ হাজার টন আলু। গত অর্থবছরে রাশিয়ায় ২০ হাজার টন আলু রপ্তানি হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এই অর্থবছরের প্রথম আট মাসে ১ কোটি ৯০ লাখ ডলারের আলু রপ্তানি হয়েছে। আগের বছর ৩ কোটি ৩০ লাখ ডলারের আলু রপ্তানি হয়।
কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছর এগ্রি কনসার্ন নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আলুতে ব্রাউন ড্রাউট ব্যাকটেরিয়া ধরা পড়ে। তখন ঢাকায় রাশিয়ার দূতাবাস থেকে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেওয়া হয়। সে সময় বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে দেশটি। বাংলাদেশের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে রাশিয়া আবারও বাংলাদেশ থেকে আলু আমদানিতে আগ্রহ দেখায়।
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার এ নিকোলেভের সঙ্গে গত ২ এপ্রিল বৈঠক করার পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, রাশিয়ায় এ বছর এক লাখ টন আলু রপ্তানি করা হবে। তিনি জানান, ব্যাকটেরিয়া পাওয়ায় এ দেশের আলু আমদানিতে রাশিয়ার আপত্তি ছিল। বাংলাদেশের কৃষি বিভাগ আলু ব্যাকটেরিয়া মুক্ত করতে সক্ষম হয়েছে।
অন্যদিকে রাশিয়ায় আলু রপ্তানিতে রপ্তানিকারকদের উৎসাহী করতেও উদ্যোগ নেয় সরকার। এমনিতে আলু রপ্তানিকারকেরা ২০ শতাংশ প্রণোদনা পান। তবে গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ আলু উপদেষ্টা বোর্ডের চতুর্থ সভায় রাশিয়ায় আলু রপ্তানিতে প্রণোদনা বাড়িয়ে ২৫ শতাংশ করার সুপারিশ করা হয়।
কিন্তু রপ্তানি নিষেধাজ্ঞায় এই সম্ভাবনা নষ্ট হয়ে গেছে বলে মনে করছেন রপ্তানিকারকেরা। বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি ফেরদৌসী বেগম প্রথম আলোকে বলেন, ‘একটি প্রতিষ্ঠানের জন্য আমরা সবাই একটি সম্ভাবনাময় বাজার হারাতে বসেছি। সরকারের উচিত নিষেধাজ্ঞার মেয়াদ যেন দ্রুত শেষ হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।’
ইপিবি বলছে, বাংলাদেশ থেকে ২৭টি দেশে আলু রপ্তানি হয়। তবে আলুর বাজার মূলত মালয়েশিয়াকেন্দ্রিক। নতুন করে যুক্ত হয়েছে নেপাল ও রাশিয়া। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, গ্রিস, হংকং, যুক্তরাজ্য, ব্রুনেই, মিয়ানমার, মালদ্বীপ, ওমান, বাহরাইন, ইতালি, কম্বোডিয়া, কুয়েত, ভিয়েতনাম প্রভৃতি দেশে আলু রপ্তানি হচ্ছে।