রাশিয়ায় নিষিদ্ধ রপ্তানি পণ্যের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার বিরুদ্ধে নেওয়া নিষেধাজ্ঞার অংশ হিসেবে কয়েক শ ‘বিলাসী পণ্যের’ একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তালিকায় প্রসাধনী থেকে শুরু করে অলংকার, সিরামিক পণ্য, গাড়ির যন্ত্রাংশ, ভদকাসহ বহু পণ্য রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র থেকে এসব পণ্য রাশিয়ায় রপ্তানি করা নিষিদ্ধ থাকবে। খবর আরটির।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের শিল্প ও নিরাপত্তা ব্যুরো গত শুক্রবার এ বিধিনিষেধ প্রকাশ করে বলেছে, ১৬ মার্চ থেকে এটি কার্যকর হবে। প্রকাশিত নথিতে বলা হয়েছে, রাশিয়া ও বেলারুশের ব্যবহারকারীদের কাছে এসব পণ্য রপ্তানি কিংবা স্থানান্তরের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে।
ইউক্রেনে সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে যুক্তরাষ্ট্র। এ কারণে যুদ্ধ শুরুর পরপরই রাশিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে এ ব্যবস্থা নিতে উদ্যোগী হয় দেশটি।
প্রকাশিত তালিকায় প্রায় ৫৭০ ধরনের পণ্যের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিয়ার, ওয়াইন, হুইস্কি, ভদকাসহ বিভিন্ন পানীয়, তামাকজাত পণ্য, পারফিউমসহ বিভিন্ন প্রসাধনী, খেলাধুলার সরঞ্জাম, চামড়াজাত বিভিন্ন পণ্য, গাড়ির সরঞ্জাম, তৈরি পোশাক, পশমের চামড়া, সিল্ক, কার্পেট, পিয়ানো, হীরা, প্রাচীন জিনিসপত্র ও বিলাসবহুল প্রমোদতরির প্রয়োজনীয় উপকরণ।
হোয়াইট হাউস জানিয়েছে, বিধিনিষেধের আওতায় থাকা এসব পণ্যের রপ্তানিমূল্য বার্ষিক প্রায় ৫৫ কোটি মার্কিন ডলার।
রপ্তানি নিষেধাজ্ঞা ছাড়া রাশিয়া থেকে পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন রাশিয়া থেকে অ্যালকোহল ও সামুদ্রিক খাবার আমদানির ওপর নিষেধাজ্ঞার কথা জানান। আর গত সপ্তাহে রাশিয়া থেকে তেল, গ্যাসসহ অন্যান্য জ্বালানি আমদানিও নিষিদ্ধ করেন তিনি।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ওপর চাপ বাড়াতে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে থাকা রাশিয়ার ধনীদের সম্পদ জব্দের ঘটনাও ঘটেছে। এসব নিষেধাজ্ঞার কারণে দেশটির প্রায় অর্ধেক রিজার্ভ এখন অকার্যকর অবস্থায় পড়ে আছে। সামরিক শক্তি দেখানোয় রাশিয়ার অর্থনীতির ক্ষেত্রকে দুর্বল করে দিতেই এসব নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা জোট। অন্যদিকে এসব বিধিনিষেধকে একটি ‘অর্থনৈতিক যুদ্ধ’ হিসেবে দেখছে রাশিয়া। এর বিরুদ্ধে যথাযথ প্রতিক্রিয়া জানানোর কথাও জানিয়েছে দেশটি।