রাশিয়া-ব্রাজিলও চীনের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) নামে নতুন যে আন্তর্জাতিক সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে, তাতে আরও দুটি দেশ শরিক হওয়ার ঘোষণা দিয়েছে। দেশ দুটি হলো রাশিয়া ও ব্রাজিল।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইগর শুভালভ গতকাল শনিবার চীনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক ফোরামে জানান, তাঁর দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এআইআইবিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবর রয়টার্সের।
চীনের অন্যতম বাণিজ্যিক মিত্র ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের অফিস থেকে শুক্রবার বলা হয়েছে, তারা এআইআইবিতে যোগ দিতে খুবই আগ্রহী।
যুক্তরাষ্ট্র প্রথম দিকে এআইআইবি গঠনের বিপক্ষে থাকলেও পরে সুর পাল্টে চীনের সঙ্গে থাকতে রাজি হয়েছে। পশ্চিমা মিত্ররা যখন এক এক করে এআইআইবিতে যোগ দিচ্ছিল, তখন যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছিল।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ), বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) ইতিমধ্যে এআইআইবি গঠনের চীনা উদ্যোগে সমর্থন দিয়েছে। এই তিনটি সংস্থায় যুক্তরাষ্ট্র ও জাপানের শেয়ার বেশি থাকার কারণেই মূলত চীন নতুন আঞ্চলিক ব্যাংকটি গঠনে মাঠে নামে।
চীনের পাশাপাশি বাংলাদেশসহ ২৭টি দেশ এআইআইবির প্রতিষ্ঠাতা সদস্য। তবে এই উদ্যোগে ইতিমধ্যে ৩০টির বেশি দেশ সমর্থন জানিয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবুর্গ ও সুইজারল্যান্ড এআইআইবির সদস্য হওয়ার জন্য আবেদন করেছে।
এআইআইবির সদস্যপদের জন্য আবেদনের শেষ দিন ৩১ মার্চ। চলতি ২০১৫ সালেই এ সংস্থার কার্যক্রম শুরু করতে চায় চীন। তবে এই ব্যাংকে যোগ না দেওয়ার ব্যাপারে এখনো অটল রয়েছে এশিয়ায় চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী জাপান।
নতুন এ ব্যাংক পাঁচ হাজার কোটি ডলারের তহবিল নিয়ে যাত্রা শুরু করবে।